কারিনার মতো মানুষ পাওয়া জীবনের বড় অর্জন: ডানা
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ১৮ মে, ২০২৬
তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকে ভাসছে পুরো বিনোদন অঙ্গন। প্রিয় বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। গণমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে তিনি কারিনাকে নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করেন।
ডানা বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বড় অর্জন ছিল কারিনার মতো মানুষকে পাওয়া। আমি কখনো চিন্তা করি নাই যে কারিনা আসলে এত অল্প সময়ের জন্য আসছে। মাত্র ১০ দিনে আমার মনে হয়েছে আমাদের জীবনের সবকিছু এদিক থেকে ওদিক হয়ে গেছে। আমি হয়তো জীবনে অনেক কিছুর জন্য প্রস্তুত ছিলাম কিন্তু কারিনা চলে যাবে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’
কারিনার অমায়িক ব্যক্তিত্বের কথা স্মরণ করে ডানা বলেন, ‘যারা ওর সাথে একটাবারের জন্য মিশেছে তারা জানে ওর মতো ভালো মানুষ কতটা রেয়ার। ও ছোট থেকে ছোট মানুষকেও অনেক অ্যাপ্রিশিয়েট করত প্রশংসা করত এবং কেয়ার করত। ওকে কিছু বললেও ও খালি বলতো আমার তো মায়া লাগে আমার তো ভালো লাগে। ও জীবনটা এভাবেই কাটাতে চেয়েছে সবসময় হাসিখুশি থাকত ওর কোনো আফসোস বা খারাপ লাগা ছিল না।’

একই ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে ডানা আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কত রকমের হিংসা থাকে কিন্তু কারিনার তা ছিল না। আমার ভিডিওতে ভিউ আসলে ও নিজে এসে আমাকে জানাত আনন্দে বলত ডানা তোমার অনেক ভিউ আসছে। আমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে কারিনা সেখানে গিয়ে আমাকে ডিফেন্ড করত আবার কেউ প্রশংসা করলে সেখানে গিয়ে ধন্যবাদ জানাত। গত কয়েক বছর কারিনাকে আমার সোলমেট মনে হয়েছে। আমাকে জীবনে কেউ এতটা প্রশংসা করেনি।’
সবশেষে আক্ষেপ প্রকাশ করে ডানা বলেন, ‘ওর মতো ভালো মানুষের এই দুনিয়াতে অনেক বেশি দরকার ছিল। এটাই আফসোস যে যারা ওকে চিনতে পারে নাই এটা তাদের দুর্ভাগ্য। আমি আর কিছু বলতে পারব না।’
এসএন