এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়: ভূমি পেডনেকর
ছবি: সংগৃহীত
০৯:৫৭ এএম | ১৯ মে, ২০২৬
হিমাচলের পাহাড়ঘেরা শান্ত পরিবেশে যেন এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। বহুদিনের প্রতীক্ষার পর তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আবেগে ভেঙে পড়লেন তিনি। সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি ও অনুভূতি নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।
সম্প্রতি হিমাচল প্রদেশের ধর্মশালায় দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেন ভূমি। অভিনেত্রীর কথায়, সেই সময়ের পরিবেশ ছিল অবিশ্বাস্যরকম শান্ত ও প্রশান্তিতে ভরা। চারপাশের সবকিছু যেন হালকা হয়ে গিয়েছিল তাঁর কাছে। সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় আচমকাই চোখে জল চলে আসে অভিনেত্রীর। নিজের অনুভূতির কথা বলতে গিয়ে ভূমি জানান, এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি এমন এক আন্তরিকতা ও মানসিক শান্তির অনুভব পেয়েছেন, যা সারাজীবন তাঁর মনে থেকে যাবে।

সমাজমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতেও ধরা পড়ে সেই আবেগঘন মুহূর্ত। কোথাও দালাই লামার পাশে শান্ত মুখে বসে রয়েছেন অভিনেত্রী, কোথাও আবার তাঁর আশীর্বাদ নিতে দেখা যায় ভূমিকে। অনুরাগীরাও অভিনেত্রীর এই অভিজ্ঞতায় আবেগাপ্লুত হয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, অভিনয়ের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত নানা বিষয়ে ভূমির সক্রিয়তা তাঁকে আরও আলাদা করে তোলে।
ব্যস্ত অভিনয়জীবনের মাঝেও এমন আধ্যাত্মিক অভিজ্ঞতা যে ভূমির মনে গভীর ছাপ ফেলেছে, তা তাঁর কথাতেই স্পষ্ট। জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবেই এই সাক্ষাৎকে দেখছেন অভিনেত্রী।
পিআর/এসএন