© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিয়া অ্যাডেলের অপেক্ষায় কান-এর দর্শক

শেয়ার করুন:
লিয়া অ্যাডেলের অপেক্ষায় কান-এর দর্শক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৮ এএম | ১৯ মে, ২০২৬
কান ফিল্ম ফেস্টিভ্যাল মানেই শুধু লালগালিচার ঝলক নয়, বরং সিনেমার ইতিহাসে লেখা হয়ে থাকা অসংখ্য স্মরণীয় মুহূর্তের পুনরাবৃত্তি। আর সেই ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ফরাসি সিনেমা শুধু দর্শকদেরই নাড়া দেয়নি, বরং কান ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকদেরও এমনভাবে মুগ্ধ করেছিল যে তারা নিতে বাধ্য হয় এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। সিনেমাটিতে অভিনয় করেছিলেন দুই ফরাসি অভিনেত্রী লিয়া সেডক্স এবং অ্যাডেল এক্সারকোপুলোস। পরিচালক আবদেললতিফ কেচিচ নির্মিত সিনেমাটিতে দুই তরুণীর প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগঘন যাত্রা তুলে ধরা হয় অত্যন্ত সাহসী ও বাস্তবধর্মী ভঙ্গিতে। মুক্তির পর সিনেমাটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ একে বলেছিলেন আধুনিক প্রেমের অসাধারণ চিত্রায়ণ, আবার কেউ সমালোচনা করেছিলেন এর খোলামেলা অন্তরঙ্গ দৃশ্য নিয়ে।



তবে বিতর্ক যতই থাকুক, সিনেমাটির আবেগময় গল্প এবং দুই অভিনেত্রীর শক্তিশালী অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করে নেয়। দ্য হলিউড রিপোর্টার-এর সমালোচক জর্ডান মিন্টজার লিখেছিলেন, ‘এটি কেবল বিতর্কিত দৃশ্যের সিনেমা নয়; বরং গভীর আবেগে ভরা এক অসাধারণ প্রেমের গল্প।’

সে সময় কান উৎসবের জুরি প্রধান ছিলেন কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গ। অনেকে ধারণা করেছিলেন, এত সাহসী একটি সিনেমাকে হয়তো জুরি বোর্ড সর্বোচ্চ পুরস্কারের জন্য বিবেচনা করবে না। কিন্তু সমাপনী অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়ে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ জিতে নেয় মর্যাদাপূর্ণ পাম দ’অর। আরও বড় চমক ছিল, সাধারণ নিয়ম ভেঙে পুরস্কারটি শুধু পরিচালকের হাতে না তুলে দিয়ে অভিনেত্রী লিয়া সেডক্স ও অ্যাডেল এক্সারকোপুলোসকেও সম্মাননার অংশীদার করা হয়। কান উৎসবের ইতিহাসে এটি ছিল বিরল এক ঘটনা। পুরস্কার পাওয়ার পর সংবাদ সম্মেলনে অ্যাডেল বলেছিলেন, ‘এটি একটি সার্বজনীন প্রেমের গল্প। যদি এটি মানুষকে সহনশীলতার বার্তা দেয়, তবে সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি।’ অন্যদিকে লিয়া বলেন, ‘আমাদের একত্র করেছিল ভালোবাসা এবং আমাদের পারস্পরিক বোঝাপড়া।’

সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখন আধুনিক ফরাসি সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয়। আর মজার বিষয় হলো, দীর্ঘ সময় পর আবারও একই কান উৎসবে হাজির হচ্ছেন এই দুই অভিনেত্রী। এবারের উৎসবে অ্যাডেল অভিনীত ‘অ্যানাদার ডে’ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে। অন্যদিকে লিয়া অভিনয় করেছেন ‘জেন্টেল মনস্টার’ এবং ‘দ্য আননোন’-দুটি আলোচিত সিনেমায়। ফলে অনেকেই এখন অপেক্ষায় আছেন, কান উৎসবের লালগালিচায় আবারও কি দেখা যাবে সেই ঐতিহাসিক জুটিকে? হয়তো একটি হাসি, একটি আলিঙ্গন কিংবা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো-সবই ফিরিয়ে আনতে পারে ২০১৩ সালের সেই আলোড়িত স্মৃতি।

পিআর/এসএন

মন্তব্য করুন