‘আমি একা নই’, অবশেষে জল্পনার অবসান ঘটালেন সালমান খান
ছবি: সংগৃহীত
০১:৩৫ পিএম | ১৯ মে, ২০২৬
বলিউড সুপারস্টার সালমান খানের একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল শোরগোল চলছে। অভিনেতার একা ও নিঃসঙ্গ থাকা নিয়ে করা ওই মন্তব্যের পর তার ভক্তদের মনে তৈরি হয়েছিল তীব্র উদ্বেগ।
তবে এবার নিজেই টুইট (এক্স) করে ভক্তদের আশ্বস্ত করলেন ভাইজান। জানালেন তিনি মোটেও একা নন, বরং সবাইকে ‘চিল’ বা শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার (১৭ মে) রাতে সালমান খান তার সোশ্যাল মিডিয়ায় শার্টবিহীন একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একা থাকার দুটি উপায় নিঃসঙ্গ ও একাকী।

একা থাকাটা নিজের ইচ্ছায় হয়, আর নিঃসঙ্গতা তখন তৈরি হয় যখন কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এখন এর থেকে তুমিই বুঝে নাও তোমার কী করা দরকার।’ প্রিয় অভিনেতার এমন আবেগঘন ও হতাশাজনক পোস্ট দেখে চিন্তায় পড়ে যান কোটি ভক্ত। নেটিজেনরা মন্তব্য বিভাগে একের পর এক প্রশ্ন করতে থাকেন যে ভাইজান আসলেই ঠিক আছেন কি না।
মুহূর্তের মধ্যেই পোস্টটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
উদ্বিগ্ন ভক্তদের শান্ত করতে সালমান খান এক্স-এ (সাবেক টুইট) একটি বার্তা শেয়ার করেন। হিন্দি ও ইংরেজি মিলিয়ে মজা করে তিনি লিখেন, ‘আরে ইয়ার, আমি নিজের বাস্তব জীবনের কথা বলছিলাম না। আমার এত বড় চমৎকার পরিবার ও বন্ধু রয়েছে, আর সঙ্গে যখন তোমরা (ভক্তরা) আছো, তখন আমি কিভাবে একা থাকতে পারি? এত কিছুর পরও একা বোধ করলে আমি সবচেয়ে বড় অকৃতজ্ঞ হব। মাঝেমধ্যে কিছু কথা এমনিই মনে আসে, তাই লিখে ফেলি।
এবার একটা ছবি পোস্ট করতেই সেটা ব্রেকিং নিউজ হয়ে গেল! আমার মা-ও জিজ্ঞেস করছেন কী হয়েছে। চিল মারো ইয়ার (শান্ত হও)!’
সালমানের এই বার্তার পর ভক্তদের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে আগের পোস্টটিতে ভক্তরা ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন। একজন লিখেছিলেন, ‘কোনো ব্যাপার না ভাই, আপনি নিজেই তো একটা আস্ত যুগ!’ অন্য একজন মন্তব্য করেছিলেন, ‘আমাদের বাঘ গর্জন করার জন্য প্রস্তুত হচ্ছে।’
ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা থাকলেও কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’: অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমান খান ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ‘এসভিসি ৬৩’ নামের দক্ষিণী প্রযোজক দিল রাজুর মেগা প্রজেক্টের শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। কয়েক সপ্তাহ আগেই এই ছবিটির কাজ শুরু হয়েছে।
সূত্র : আইডিভা
পিআর/এসএন