© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে ২টি লেজার প্রযুক্তির যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে ২টি লেজার প্রযুক্তির যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ পিএম | ২১ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপ্রাপ্ত এলাকায় অত্যাধুনিক লেজার প্রযুক্তি সম্পন্ন দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর এই ডেস্ট্রয়ার দুটি ওডিন নামক বিশেষ লেজার সিস্টেমে সজ্জিত, যা মূলত প্রতিপক্ষের ড্রোন বা ড্রোন হামলার গতিবিধিকে বিভ্রান্ত ও অকার্যকর করতে সক্ষম।

প্রতিরক্ষা বিষয়ক মার্কিন পোর্টাল 'দ্য ওয়ার জোন'-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং পূর্ব আফ্রিকা অঞ্চলে বর্তমানে এই যুদ্ধজাহাজ দুটি অপারেশনাল কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'ইউএসএস স্প্রুয়েন্স' বর্তমানে আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে দায়িত্ব পালন করছে। অন্যদিকে, দ্বিতীয় ডেস্ট্রয়ার 'ইউএসএস জন ফিন' বর্তমানে ভারত মহাসাগরে সরাসরি যুদ্ধকালীন ডিউটিতে নিয়োজিত রয়েছে।

সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই যুদ্ধজাহাজগুলোতে ব্যবহৃত ওডিন লেজার সিস্টেমটি অত্যন্ত আধুনিক ও নিখুঁত। এটি প্রতিপক্ষের যেকোনো ড্রোনকে দিকভ্রান্ত করার পাশাপাশি শত্রুভাবাপন্ন জাহাজ, সাবমেরিন, মানবচালিত বিমান কিংবা চালকবিহীন ড্রোনের ক্যামেরা এবং সেন্সরগুলোকে মুহূর্তের মধ্যে বিকল করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ড্রোনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় এই প্রযুক্তি মার্কিন নৌবাহিনীকে বড় ধরনের কৌশলগত সুবিধা দেবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: তাস

এসকে/টিকে

মন্তব্য করুন