ছুরির আঘাতে প্রাণ গেল গ্র্যামিজয়ী গীতিকারের
ছবি: সংগৃহীত
০৬:৫৫ পিএম | ১০ জুন, ২০২৬
বিশ্বসংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। লন্ডনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন গীতিকার ও সংগীতস্রষ্টা তালাই রাইলি। তার প্রকৃত নাম মার্ক ওরাবিয়ি। গত সপ্তাহে সংঘটিত হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (৫ জুন) পূর্ব লন্ডনের ওয়েস্ট হ্যাম এলাকায় ছুরিকাঘাতের একটি ঘটনায় দুজন হতাহত হন। নিহতদের মধ্যে ছিলেন ৩৫ বছর বয়সী তালাই রাইলি।
রাইলির মৃত্যুর পর তার পরিবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘মার্ক আমাদের অত্যন্ত প্রিয় ছেলে, ভাই, চাচা ও বন্ধু ছিল। সে তার পরিবার এবং পরিচিত সবার জীবনে ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছিল। আমরা তাকে সবসময় হৃদয়ে ধারণ করে রাখব।’
সংগীত জগতে তালাই রাইলি ছিলেন পরিচিত ও সম্মানিত এক নাম। ব্রিটনি স্পিয়ার্স, ডুয়া লিপা, ইগি আজালিয়া, জেসন ডেরুলো এবং টিনি টেম্পাহর মতো আন্তর্জাতিক তারকাদের জনপ্রিয় একাধিক গানের পেছনে তাঁর অবদান রয়েছে। বিশেষ করে সংগীতশিল্পী এইচ.ই.আর.-এর গ্র্যামিজয়ী অ্যালবামের ‘লাইটস অন’ গানে কাজ করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

রাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ছোট ভাই ও সংগীত প্রযোজক স্ক্রিবজ রাইলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ভাইয়ের সঙ্গে আমার শেষ কথোপকথন হয়েছিল আমাদের ভবিষ্যৎ কাজ নিয়ে। সে ছিল আমার দেখা সবচেয়ে ভালো মনের মানুষের একজন। মানুষকে ভালোবাসত বলেই সবাই তাকে ভালোবাসত।’
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২৪ ও ২৭ বছর বয়সী দুই যুবক এবং ২৫ বছর বয়সী এক তরুণী। তদন্তের স্বার্থে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মামলার প্রধান তদন্ত কর্মকর্তা জোয়ানা ইয়র্ক ঘটনাস্থলের আশপাশে থাকা প্রত্যক্ষদর্শীদের পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
এসএ/টিএ