শো বাড়ল বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের
ছবি: সংগৃহীত
০৯:০৫ এএম | ১৯ জুন, ২০২৬
দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড দল বিটিএস দীর্ঘ চার বছরের বিরতির পর ফিরেছে নতুন অ্যালবাম নিয়ে। চলতি বছর মার্চে তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম 'আরিরাং' প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কামব্যাক ঘোষণা করে দলটি। এবার জানা গেল বিটিএসের ওয়ার্ল্ড ট্যুর ‘আরিরাং’–এর শো বাড়ার কথা।
জাকার্তা ও বুলাকানে দুটি শো বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্রুপটি। এর ফলে ট্যুরের মোট শোর সংখ্যা দাঁড়াল ৮৮টিতে।
ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৯ ডিসেম্বর একটি অতিরিক্ত শো যোগ করা হয়েছে। একইভাবে ফিলিপাইনের বুলাকানে আগামী বছরের ১৬ মার্চ আরও একটি শো যুক্ত হয়েছে।

জাকার্তায় আগে থেকেই ২৬ ও ২৭ ডিসেম্বর গেলোরা বুং কার্নো মেইন স্টেডিয়ামে শো ছিল। কিন্তু ব্যাপক চাহিদার কারণে আয়োজকরা ২৯ ডিসেম্বর তৃতীয় দিনের শো যোগ করেন।
অন্যদিকে বুলাকানে ১৩ ও ১৪ মার্চ ফিলিপাইন স্পোর্টস স্টেডিয়ামে পারফর্ম করার কথা থাকলেও পরে ১৬ মার্চের একটি অতিরিক্ত শো যুক্ত করা হয়।
ট্যুরজুড়ে বিভিন্ন দেশে টিকিটের উচ্চ চাহিদার কারণে ধারাবাহিকভাবে শো বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ট্যাম্পা, স্ট্যানফোর্ড ও লাস ভেগাস এবং দক্ষিণ আমেরিকার লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নেও অতিরিক্ত শো যুক্ত হয়েছিল।
সম্প্রতি বিটিএস বুসান আসিয়াদ মেইন স্টেডিয়ামে দুই দিনের ‘হোমকামিং’ কনসার্ট শেষ করেছে, যেখানে প্রায় ১ লাখ ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
ট্যুরের ইউরোপ অংশ শুরু হবে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর মাদ্রিদে। এই পর্বে পাঁচটি শহরে মোট ১০টি শো হবে, যার সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।
কেএন/এসএন