বিএনপি’র সঙ্গে গোলটেবিল বৈঠকের প্রস্তাব কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের
ছবি: সংগৃহীত
০৯:২৮ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিজের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যে এবার বিএনপির সঙ্গে গোলটেবিল বৈঠকের প্রস্তাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেছেন, তাকে ঘিরে বিএনপি ও বিভিন্ন মহল থেকে যেসব বক্তব্য বা ‘ন্যারেটিভ’ এসেছে, সেগুলো নিয়ে সরাসরি আলোচনায় বসতে চান তিনি।
আজ (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেওয়া এক দীর্ঘ ভিডিও বার্তায় সালমান বলেন, পুরো ঘটনাটি তার ব্যক্তিগত বিষয় হিসেবে না দেখে দেশের আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার বিষয় হিসেবে দেখার আহ্বান জানাতে চান তিনি। তার দাবি, তিনি একজন পরিচিত ব্যক্তি ও কনটেন্ট ক্রিয়েটর হওয়ায় ঘটনাটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে। কিন্তু একই সময়ে দেশে ঘটে যাওয়া অন্যান্য অপরাধ ও নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় আসা প্রয়োজন।
সালমান বলেন, ‘এই ইনসিডেন্ট আমার নিয়ে নয়। আমি একজন নাগরিক। আমি প্রিভিলেজড হওয়ার পরও যদি নিরাপত্তা না পাই, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তার বিষয়টিও সামনে আসা উচিত।’
নিজেকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে চান না জানিয়ে সালমান বলেন, তার বক্তব্য বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে নয়। বরং দেশের বর্তমান পরিস্থিতি, অপরাধ এবং নাগরিকের নিরাপত্তা নিয়ে আলোচনা করাই তার মূল উদ্দেশ্য।
আরআই/টিএ