বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করতে ঢাকায় আসছেন ওয়াহাজ আলী
ছবি: সংগৃহীত
০৮:২৭ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
‘তেরে বিন’-এর মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী এবার আসছেন বাংলাদেশে। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি একটি আয়োজনে অংশ নেবেন জনপ্রিয় এই তারকা। তার বাংলাদেশ সফরের খবর ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছেন ওয়াহাজ আলী। ভিডিও বার্তায় বাংলাদেশী দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওয়াহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’
এরপর তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’ আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’।’

এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে আয়োজক কর্তৃপক্ষ বলেন, ‘আসলে আমাদের এখানে একটি এক্সিবিশন হবে। পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী আমার ব্যক্তিগত অতিথি হিসেবে ওই ইভেন্টে আসছেন। মূলত ইভেন্টটির সমাপনী পর্বে অংশ নিতেই তিনি বাংলাদেশে আসছেন। এছাড়া যারা ইভেন্টে স্পেন্ড করবেন, তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন।’
তারা আরও বলেন, ‘তারা ওয়াহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। কতজন বিজয়ী থাকবেন, সেটি আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী হবে। আর ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’ এ ধরনের যে পোস্ট বা তথ্য ছড়াচ্ছে, সেটি সম্পর্কে আমি জানি না। কে বা কারা এমন পোস্ট তৈরি করেছে, সেটিও আমার জানা নেই। আমাদের অনুষ্ঠানের আসল বিষয় হলো এক্সিবিশন ও এর সমাপনী আয়োজনে ওহাজ আলীর উপস্থিতি।’
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওয়াহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’র মতো একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।
অভিনয় ক্যারিয়ারে ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে ওয়াহাজকে। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি দর্শক ও সমালোচকদের মাঝে আলাদা করে নজর কাড়ে। তবে ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওয়াহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে অভিনয় করেন ইয়ুমনা জায়েদি।
মীরব ও মুরতাসিমের সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির মাধ্যমে ওয়াহাজ আলীর পরিচিতি ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের মধ্যে।
এসএ/টিএ