বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত
১০:৩৭ পিএম | ০২ জুলাই, ২০২৬
নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহী এই তথ্য জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের শীর্ষ নেতৃত্বদের ওপর ইসরায়েলের ক্রমাগত হুমকির কারণেই মোজতবা খামেনি এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না।
সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছিলেন মোজতবা খামেনি মৃত্যুর তালিকায় রয়েছেন'। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভবিষ্যতে এই ধরনের যে-কোনো হুমকির 'দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও যুদ্ধ শুরুর প্রথম দিকের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। দীর্ঘ কয়েক মাস পর বর্তমানে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এমআর/টিএ