© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে ফের সরাসরি ফ্লাইট চালু করছে ইরাক

শেয়ার করুন:
ইরানে ফের সরাসরি ফ্লাইট চালু করছে ইরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৭ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
ইরান-ইরাকের মধ্যে আবারও সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ইরাকি এয়ারওয়েজ ইরানে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

সোমবার (৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি জানিয়েছে, নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন তেহরান, মাশহাদ ও ইসফাহানে ফ্লাইট চলবে। যাত্রীদের যাতায়াত সহজ করা এবং দুই দেশের মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানায়, ইরানি রুটে ফ্লাইট পরিচালনার জন্য ইরাকি এয়ারওয়েজ বিশেষ ছাড় পেয়েছে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও কারিগরি প্রক্রিয়া শেষ হওয়ার পর অক্টোবরে ফ্লাইট পুনরায় চালুর পথ তৈরি হয়।

এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্চের শুরুতে ইরাকি এয়ারওয়েজ ইরানে ফ্লাইট বন্ধ করে দেয়। পরে ২৩ সেপ্টেম্বর ইরানি এয়ারলাইনগুলোও ইরাকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে।

এদিকে ২ অক্টোবর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির কার্যালয় জানায়, মাহান এয়ার ছাড়া ইরানি এয়ারলাইনগুলো নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন ৪০টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, চিকিৎসা, ধর্মীয় সফর ও পর্যটনের জন্য যাত্রীদের চলাচল সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে মাহান এয়ার ২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এয়ারলাইনটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সকে আর্থিক, বস্তুগত ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরআই/টিএ

মন্তব্য করুন