‘আওয়ারাপন টু’-এ কণ্ঠ দিলেন অরিজিৎ সিং, মুক্তি আজ
ছবি: সংগৃহীত
০৭:৩৪ পিএম | ২১ জুলাই, ২০২৬
প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর অরিজিৎ সিংয়ের নতুন কাজ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ‘আওয়ারাপন টু’ সিনেমার ‘ইয়ে আওয়ারাপন’ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এই ভারতীয় শিল্পী। গানটি মঙ্গলবার (২১ জুলাই) মুক্তি পাচ্ছে।
সিনেমার প্রধান চরিত্র শিবমের আবেগ, একাকীত্ব ও মানসিক দ্বন্দ্বকে তুলে ধরতেই গানটি নির্মাণ করা হয়েছে। আমাল মালিক সুর করেছেন এবং রশ্মি বিরাগ লিখেছেন গানটির কথা।

কয়েক মাস আগে অরিজিৎ সিং প্লেব্যাক গান না গাওয়ার ঘোষণা দিলেও জানিয়েছিলেন, আগে থেকে চুক্তিবদ্ধ গানগুলোর কাজ তিনি শেষ করবেন। ধারণা করা হচ্ছে, ‘ইয়ে আওয়ারাপন’ সেই চুক্তির আওতায় সম্পন্ন করা একটি গান।
প্রযোজক বিশেষ ভট্ট ও অরিজিৎ সিংয়ের পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের। ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গান দিয়ে তাদের একসঙ্গে কাজের শুরু। এরপর ‘আশিকী ২’, ‘সিটিলাইটস’, ‘খামোশিয়া’ এবং ‘হামারি আধুরি কাহানি’-র মতো জনপ্রিয় সিনেমায়ও তারা একসঙ্গে কাজ করেছেন।
নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপন টু’-তে ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শবানা আজমি, সুরিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। সিনেমাটি আগামী ১৪ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
আরআই/টিএ