© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অরিজিতের পর এবার প্রতিবাদে হানি সিং ও আরমান মালিক

শেয়ার করুন:
অরিজিতের পর এবার প্রতিবাদে হানি সিং ও আরমান মালিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৯ পিএম | ২২ জুলাই, ২০২৬
দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই প্রতিবাদের সুর আরও জোরালো হচ্ছে বিনোদন জগতেও। দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুরক্ষিত রাখার দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে মঙ্গলবার কণ্ঠ মিলিয়েছিলেন অরিজিৎ সিং। এবার সেই তালিকায় যোগ দিলেন জনপ্রিয় গায়ক ও র‌্যাপার হানি সিং এবং গায়ক আরমান মালিক। শুধু সমর্থন জানানোই নয়, আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে নিজের নতুন গানের প্রকাশও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

জুলাইয়ের শুরু থেকেই নিট কেলেঙ্কারির অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র ডাকা ‘সংসদ অভিযান’ কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করা হয়। সেই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ইতিমধ্যেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

এবার সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন হানি সিং। আন্দোলনকারী পড়ুয়াদের উদ্দেশে প্রার্থনা জানিয়ে তিনি লেখেন, “আমাদের দেশের তরুণরা অমর। ভোলেনাথ এই সময়ে তাঁদের শক্তি দিন।” পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের নতুন গান ‘মুনলাইট’-এর টিজার প্রকাশও কয়েক দিনের জন্য পিছিয়ে দেওয়ার ঘোষণা করেন তিনি। হানির বক্তব্য, দেশের যুবসমাজের আবেগের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই পথে হাঁটলেন আরমান মালিকও। ২২ জুলাই, যা তাঁর জন্মদিনও, সেদিনই মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর নতুন গান ‘গয়া কাম সে’। কিন্তু দিল্লির পরিস্থিতির কথা উল্লেখ করে ভিডিও বার্তায় আরমান জানান, এমন সময়ে নতুন গান প্রকাশ করতে তাঁর মন সায় দিচ্ছে না। তাই আপাতত মুক্তি স্থগিত রাখা হচ্ছে। তিনি আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই গানটি শ্রোতাদের সামনে নিয়ে আসবেন।

দিল্লির ছাত্র আন্দোলনকে ঘিরে বলিউডের একের পর এক শিল্পীর এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, শিক্ষাব্যবস্থা ও ছাত্র আন্দোলনের প্রশ্নে বিনোদন জগতের একাংশও প্রকাশ্যে নিজেদের মত জানাতে পিছপা হচ্ছেন না। অরিজিৎ সিংয়ের পর হানি সিং ও আরমান মালিকের এই সিদ্ধান্ত সেই সংহতির বার্তাকেই আরও জোরালো করল।

এসএন 

মন্তব্য করুন