ঢাকায় পাকিস্তানি গায়কের কনসার্ট ঘিরে ক্ষোভ প্রকাশ জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর
ছবি: সংগৃহীত
১১:৩৯ পিএম | ২৩ জুলাই, ২০২৬
গান গাইতে ফের ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। আগামীকাল বিকালে গাইবেন কনসার্টে। এই আয়োজনের খবর শুনে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী মুহিন খান। যিনি ২০২১ সালের শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
মুহিনের মূল ক্ষোভ আয়োজকদের নিয়ে। তার মতে, এ ধরনের আয়োজকরা দেশের শিল্পীদের নিয়ে ভাবেন না। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে দুটি ছবি পোস্ট করেন মুহিন। একটিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আতিফ আসলামকে দেখা যাচ্ছে, অন্যটিতে সাদা চুল-দাড়ির এক ব্যক্তি, যিনি আতিফকে স্বাগত জানানোদের মধ্যে ছিলেন।
মুহিন তার পোস্টে লেখেন, ‘নাম দিয়েছে কনসার্ট সোসাইটি ফর বাংলাদেশ। এদের বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা নাই। বার বার ফ্যাসিবাদের সাথে চলে আর বেসুরো লোকদের নিয়ে আসে। এদের বাপের ক্ষমতা থাকলে এদেরকে নিয়ে ওদের দেশে এই অনুষ্ঠান করে দেখাক।’
সাদা চুল-দাড়ির ব্যক্তিকে ইঙ্গিত করে মুহিন খান লেখেন, ‘এই সাদা ভদ্র লোক অরিজিনাল পাকি দালাল। এরা ‘দেশের শিল্পী বাঁচান’ আন্দোলনে কখনো আসেনি। আবার এরাই ফ্যসিবাদের সাথে ১৭ বছর আঁতাত করে এখনো সরব। ধিক্কার জানাই! আমাদের দেশের শিল্পীদের মেরে ফেলার জন্য এরাই দায়ী। আমাদের দেশের শিল্পী বাঁচান।’
দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যা হয়েছে। লাখো মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। সে প্রসঙ্গ টেনে মুহিন লেখেন, ‘এদেশে বন্যা বয়ে যাচ্ছে অথচ ভণ্ডরা ভ্রুক্ষেপহীন। আগে আমাদের সংস্কার করার অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদৃষ্টি আশা করি।’
পোস্টে তিনি ‘সবার আগে বাংলাদেশ’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। যেটা এখন ক্ষমতাসীন দল বিএনপির অন্যতম স্লোগান হিসেবে পরিচিত।
ওই পোস্টের পর একটি ভিডিও বার্তাও দিয়েছেন মুহিন খান। সেখানেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার মতে, বিদেশি শিল্পীদের দেশে যেমন সম্মান ও পারিশ্রমিক দেওয়া হয়, সে তুলনায় দেশের শিল্পীরা বঞ্চিত হন। এমনকি কনসার্টের ব্যবস্থাপনায়ও দেশের শিল্পীরা বৈষম্যের শিকার হন। দেশের শিল্প-সংস্কৃতি ও শিল্পীদের স্বার্থে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন মুহিন।
এমআই/টিএ