অনুমতি ছাড়াই গান ব্যবহার, ট্রাম্প প্রশাসনের ক্ষোভ ঝাড়লেন কেটি পেরি
ছবি: সংগৃহীত
০৬:০৩ পিএম | ২৬ জুলাই, ২০২৬
ইরানের ওপর সামরিক হামলার একটি ভিডিওতে অনুমতি ছাড়াই নিজের জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যবহার করায় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেটি পেরি বলেন, “আমি ভীষণ ক্ষুব্ধ ও মর্মাহত। এ ব্যবহারের অনুমতি আমি দিইনি, আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং আমি কোনোভাবেই এটিকে সমর্থন করি না।”
তিনি আরও বলেন, “আত্মমর্যাদা ও অনুপ্রেরণার বার্তা বহনকারী একটি গানকে ধ্বংস ও সহিংসতার প্রতীক হিসেবে ব্যবহার করা এর মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থি।”
বিতর্কের সূত্রপাত হোয়াইট হাউসের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ইরানের ওপর সামরিক হামলার দৃশ্যসংবলিত ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজানো হয় কেটি পেরির জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ইরানকে সতর্ক করা হলো।’
‘ফায়ারওয়ার্ক’ কেটি পেরির সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি। এটি বিলবোর্ড হট ১০০ চার্টেও শীর্ষস্থান দখল করেছিল। ২০২৩ সালে তিনি নিজের পাঁচটি সফল অ্যালবামের মাস্টার রেকর্ডিং ও প্রকাশনাস্বত্ব লিটমাস মিউজিকের কাছে বিক্রি করেন। বিলবোর্ডের তথ্য অনুযায়ী, চুক্তিটির মূল্য ছিল ২২ কোটি ৫০ লাখ ডলার।
ডেমোক্রেটিক পার্টির সমর্থক হিসেবে পরিচিত কেটি পেরি অতীতে হিলারি ক্লিনটন, জো বাইডেন এবং কমলা হ্যারিসের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।
উল্লেখ্য, সরকারি বা রাজনৈতিক প্রচারণায় অনুমতি ছাড়াই গান ব্যবহারের অভিযোগে ট্রাম্প প্রশাসনের সমালোচনা এর আগেও করেছেন ব্রুস স্প্রিংস্টিন, নিল ইয়াং, অ্যাডেল, রিহানা, অলিভিয়া রদ্রিগো, সাবরিনা কারপেন্টারসহ একাধিক শিল্পী।
এসএন