আতিফের কনসার্টে অব্যবস্থাপনা, আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ
ছবি: সংগৃহীত
০৬:০১ পিএম | ২৭ জুলাই, ২০২৬
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টে অনুমোদন ছাড়াই ভেন্যু পরিবর্তন, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’–এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শর্ত ভঙ্গ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। গত ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ইসরাত জাহান জানান, রাজধানীর খিলক্ষেতের পূর্বাচল এক্সপ্রেসওয়ের ক্রিকেটার্স একাডেমি ভেন্যুতে গত ২৪ জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠানটি কোনো ধরনের পূর্বানুমোদন ছাড়াই একতরফাভাবে অনুষ্ঠানস্থল পরিবর্তন করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এ সিদ্ধান্তের ফলে অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। পাশাপাশি অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।
চিঠিতে আরও বলা হয়, অনুষ্ঠানে ন্যূনতম নাগরিক সুবিধার ঘাটতি এবং ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। পরে বিষয়টি প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।
এসএন