কনসার্টে গায়িকাকে হেনস্তার অভিযোগ, সমালোচনার মুখে দর্শকদের আচরণ
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ২৭ জুলাই, ২০২৬
ভারতের জনপ্রিয় গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস কনসার্ট চলাকালে ভক্তদের অসদাচরণের শিকার হয়েছেন। দেরাদুনে আয়োজিত এক অনুষ্ঠানে দর্শকদের ভিড়ের মধ্যে গিয়ে পারফর্ম করার সময় কয়েকজন তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার চেষ্টা করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা।
সম্প্রতি ভারতের দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে একটি কনসার্টে অংশ নেন জ্যাসমিন স্যান্ডলাস। ‘সিপ সিপ’, ‘শারারাত’ ও ‘লাওয়ান’সহ জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি।
পারফরম্যান্সের একপর্যায়ে ভক্তদের আরও কাছাকাছি গেলে কয়েকজন দর্শক তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করছেন। এ সময় আরও কয়েকজন তার হাত ধরে টানাটানিও করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এগিয়ে আসেন নিরাপত্তাকর্মীরা। তারা জ্যাসমিনকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের বড় একটি অংশ দর্শকদের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তবে কিছু ব্যবহারকারী গায়িকার মঞ্চ থেকে দর্শকদের খুব কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নিয়েও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ সিনেমার গান দিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা জ্যাসমিন স্যান্ডলাস বিভিন্ন সময় তার কনসার্টের পরিবেশনা ও মঞ্চ উপস্থিতি নিয়েও আলোচনায় এসেছেন।
এসএন