লিসবনে জেমস ও জায়েদ খানের কনসার্টে প্রবাসীদের ঢল
ছবি: সংগৃহীত
০৬:২০ এএম | ২৮ জুলাই, ২০২৬
পর্তুগালের রাজধানী লিসবনে হাজারো প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’। জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমসের গান ও চিত্রনায়ক জায়েদ খানের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত লিসবোয়া আও ভিভো (এলএভি) ইনডোর লাইভ মিউজিক ভেন্যুতে আয়োজিত সাত ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পরিবার-পরিজন নিয়ে পর্তুগালের বিভিন্ন শহর থেকে দর্শকরা কনসার্ট উপভোগ করতে আসেন।
কাজা দো বাংলাদেশে ও নোটিশিয়াস বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন জেমস। তার গানের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকরা। অন্যদিকে প্রাণবন্ত উপস্থাপনা ও দর্শকদের সঙ্গে আন্তরিক যোগাযোগের মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন চিত্রনায়ক জায়েদ খান।

কনসার্টে জেমস ও জায়েদ খান ছাড়াও স্থানীয় ব্যান্ডের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পাশাপাশি তরঙ্গ নৃত্য একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করে আয়োজনকে আরও বর্ণিল করে তোলেন।
পর্তুগালপ্রবাসী ফারুক সিকদার জানান, নিজের দোকান বন্ধ রেখে প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে তিনি অনুষ্ঠান দেখতে এসেছেন। তার ভাষ্য, জেমসের গান ও জায়েদ খানের উপস্থিতি এক মঞ্চে উপভোগ করার সুযোগ হাতছাড়া করতে চাননি।
আয়োজকদের অন্যতম রনি হোসাইন ও রাসেল আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। প্রত্যাশার চেয়েও বেশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের অনুপ্রাণিত করেছে।
অন্য আয়োজক মোহাম্মদ মাসুম আহমেদ ও ইকবাল হোসেন কাঞ্চন বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশিরা যেন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই লক্ষ্যেই তারা নিয়মিত এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
এমআর/টিএ