ইউটিউবে ৩০ লাখের মাইলফলকে মনির খানের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
১০:৪৭ পিএম | ১২ আগস্ট, ২০২৬
গানের ভুবনে দীর্ঘ পথচলার পর এবার ইউটিউবেও অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ১০ বছর আগে যাত্রা শুরু করা তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মনির খান’ অফিশিয়াল ৩০ লাখ বা ৩০ লক্ষ গ্রাহকের মাইলফলক পেরিয়েছে। বাংলাদেশের কণ্ঠশিল্পীদের মধ্যে এককভাবে তার ইউটিউব চ্যানেলেই প্রথম এই অর্জন এসেছে বলে জানানো হয়েছে।
২০১৬ সালে যাত্রা শুরু করে মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেলটি। একই বছরের ১৪ জুন সেখানে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। এরপর থেকে শিল্পীর ক্যারিয়ারের জনপ্রিয় পুরোনো গানগুলোর পাশাপাশি নিয়মিত প্রকাশিত হয়েছে নতুন অডিও ও ভিডিও গান। এক দশকের এই পথচলায় শ্রোতাদের ভালোবাসায় এবার নতুন রেকর্ড গড়লেন তিনি।
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে মনির খানের এই অর্জন উদযাপন করা হয়। এ উপলক্ষে ‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।
অনুষ্ঠানে নিজের এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করেন মনির খান। তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার প্রতি তিনি অশেষ কৃতজ্ঞ। তিন দশকের বেশি সময় ধরে যারা তার গান ভালোবেসেছেন, সেই অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান ছাড়া এই অর্জন সম্ভব হতো না। সবার ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই তিনি এই জায়গায় পৌঁছাতে পেরেছেন বলেও জানান এই শিল্পী।
মঞ্চ ও অডিও অ্যালবামের জনপ্রিয়তার দীর্ঘ অধ্যায় পেরিয়ে ডিজিটাল মাধ্যমেও মনির খানের এমন সাফল্য তার সংগীতজীবনের নতুন একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে। এক দশক আগে ইউটিউব যাত্রা শুরু করে এবার ৩০ লাখ গ্রাহকের মাইলফলক ছোঁয়া প্রমাণ করছে, সময়ের সঙ্গে শ্রোতাদের মাধ্যম বদলালেও তার গানের প্রতি ভালোবাসা এখনো অটুট রয়েছে।
এসএ/টিএ