যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কারাগার থেকে ছবি প্রকাশ, মাদুরো বললেন ‘দৃঢ় আছি’
ছবি: সংগৃহীত
০২:১২ এএম | ৩১ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কারাগার থেকে নিজের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দৃঢ় আছি’।
রবিবার (৩০ আগস্ট) প্রকাশিত ছবিতে মাদুরোকে কারাগারের পোশাকে দেখা যায়।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক হওয়ার পর থেকেই নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি আছেন তিনি।
ওই অভিযানে মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়। বর্তমানে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে মামলা চলছে।
তবে মাদুরো ও তার স্ত্রী দুজনই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
টেলিগ্রাম বার্তায় মাদুরো লেখেন, ‘আমার সব নাতি-নাতনি, ছেলেমেয়ে এবং আমাদের ভালোবাসেন এমন সব ভালো মানুষের জন্য ছোট্ট উপহার হিসেবে পাঠাচ্ছি এই ছবিগুলো।’
তিনি আরো বলেন, ‘আমি চাই আপনারা জানুন, আমরা দৃঢ় আছি, আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ।’
প্রকাশিত দুটি ছবিতে ধূসর রঙের পোশাক পরা মাদুরোকে দুই হাতে শান্তির প্রতীক দেখাতে দেখা যায়।
তাকে আটকের পর থেকে তার ওজনও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মনে হয়েছে ছবিতে।
রবিবার ছবিগুলো প্রকাশ করা হলেও ছবির ধারণের তথ্য অনুযায়ী, এগুলো গত ২৫ জুন তোলা। এর এক দিন আগে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
মাদুরো তার বার্তায় আরো বলেন, ‘আমরা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনিই পথ দেখাবেন।
আবার ঘুরে দাঁড়াবে ভেনেজুয়েলা।’
মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে তেলক্ষেত্র পরিচালনার সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পর এই বার্তা দেন মাদুরো।
ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যে দেশ পরিচালনা করছেন রদ্রিগেস। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক পথ বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছেন, তিনি চান ভেনেজুয়েলা একটি ‘জ্বালানি শক্তিতে পরিণত হোক’।
সাবেক এই নেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কারাগারে মাদুরোর সংবাদপত্র বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে মাসে প্রায় ৩০০ মিনিট টেলিফোনে কথা বলার অনুমতি রয়েছে তার। প্রতিটি ফোনালাপ সর্বোচ্চ ১৫ মিনিট স্থায়ী হতে পারে।
মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা জানিয়েছেন, তার বাবা ভালো আছেন এবং কারাগারে সময় কাটাচ্ছেন বাইবেল পড়ে।
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে। নিউইয়র্কের একটি ফেডারেল আদালত গত জুলাইয়ের শেষ দিকে জানিয়েছেন এ তথ্য।
একেএস/টিএ