বিজয়কে বিয়ের প্রস্তাব বিতর্কে রাশমিকা১০০ কেন, হাজার বার বলব
ছবি: সংগৃহীত
০৫:১০ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬
বিয়ের প্রস্তাব নিয়ে এক মন্তব্য, আর তাতেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা। ভারতের দক্ষীণি অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা বলেছিলেন, বিয়েতে রাজি হওয়ার আগে রাশমিকা মান্দানাকে নাকি তাকে প্রায় ১০০ বার একই কথা বলতে হয়েছিল। বিষয়টি সামনে আসতেই বিজয়ের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ।
কেউ কেউ তার মন্তব্যকে স্ত্রীর প্রতি অবজ্ঞা হিসেবেও দেখেছেন। এবার সেই বিতর্কে মুখ খুলে নিজেদের সম্পর্কের সমীকরণ স্পষ্ট করলেন রাশমিকা। জানালেন, তাদের বিয়ের সিদ্ধান্তকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, বাস্তবতা তেমন নয়। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হন বিজয় ও রাশমিকা।
সেখানে তাদের বিয়ের প্রস্তাবের গল্প জানতে চান সঞ্চালক। রাশমিকা জানান, একসময় তিনি বিজয়কে বিয়ের কথা বলেছিলেন। জবাবে বিজয় মজা করে তাকে বলেন, একই কথা নাকি ১০০ বার বলতে হবে। এরপর রাশমিকা জানান, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলেছিল। বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করে ইনস্টাগ্রামে দীর্ঘ বক্তব্য দেন রাশমিকা। তার মতে, তাদের কথোপকথনের মূল বিষয়টি না বুঝেই অনেকে শুধু ১০০ বার বলা কিংবা এক বছরের হিসাব নিয়ে পড়ে আছেন।

অভিনেত্রী লেখেন, ‘প্রথমেই বলে রাখি, বিষয়টি কখনোই কতবার বলা হয়েছিল কিংবা পুরো এক বছর সময় নেওয়া নিয়ে ছিল না। আপনারা সেখানেই আটকে গেছেন। হ্যাঁ, এমন কথোপকথন হয়েছিল। কিন্তু আমাদের কেউই জাঁকজমকপূর্ণ কোনো প্রস্তাবের অপেক্ষায় ছিলাম না।’
বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরকে ভালোভাবে বোঝার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাশমিকা। তার কথায়, ‘বিষয়টি ছিল, জীবনের সব উত্থান-পতন, আনন্দ ও চাপের মধ্যেও আমরা দুজন একে অপরকে বুঝতে যথেষ্ট সময় ও সুযোগ নিই। আমরা সত্যিই বিয়ে করতে চাই কি না এবং সেটি করার উপযুক্ত সময় কি না, তা নিশ্চিত হওয়াই ছিল মূল কথা।’
শেষ পর্যন্ত দুজন সম্মিলিতভাবেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে রাশমিকা লেখেন, ‘আর আমরা তা-ই করেছি। আমরা একে অপরকেই বেছে নিয়েছি। আমি পুরোপুরি আবেগ দিয়ে ভাবি, আর বিজয় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়। আমাদের জীবনে একে অপরের এই গুণগুলো প্রয়োজন।’
বিজয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানাতে গিয়ে রাশমিকা লেখেন, ‘আমাদের কাছে বিয়ে কখনোই প্রস্তাব দেওয়া, এক হাঁটু গেড়ে বসা কিংবা আঙুলে আংটি পরানোর বিষয় ছিল না। এগুলো বাহ্যিক আয়োজন। আমাদের কাছে বিয়ের অর্থ ছিল একসঙ্গে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলা। এমন কাউকে খুঁজে নিন, যার জন্য আপনি যেকোনো পর্যায়ে যেতে পারবেন এবং যে আপনার জন্যও একই কাজ করবে। আর হ্যাঁ, আমি আমার মানুষটিকে নিয়ে ভীষণ মুগ্ধ। এটা কখন থেকে খারাপ হয়ে গেল?’
বিজয়কে নিজের জীবনের দীর্ঘ পথচলার সঙ্গী হিসেবে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আমি যাকে বিয়ে করছি, তার প্রেমে যদি গভীরভাবে না-ই পড়ি, তাহলে তাকে বিয়ে করব কেন? তিনি সারা জীবনের সঙ্গী হবেন। সাধারণ ও অসাধারণ প্রতিটি দিনের বন্ধু, আমার সন্তানের বাবা এবং সেই মানুষ, যার সঙ্গে আমি বৃদ্ধ হতে চাই।’
সমালোচকদের উদ্দেশে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ‘এমন একজন মানুষ খুঁজুন, যিনি আপনাকে এত সুন্দরভাবে ভালোবাসবেন যে বিয়ের পরও তাকে বলতে ইচ্ছা করবে, চলো আবার বিয়ে করি। আমি হাজারবারও একই কাজ করব। সেখানে ১০০ বার কিছুই নয়।’
সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্ক নিয়ে অনাকাঙ্ক্ষিত পরামর্শ ও সমালোচনা প্রসঙ্গেও কথা বলেছেন রাশমিকা। তিনি লেখেন, ‘আমার ও বিজয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অপ্রয়োজনীয়ভাবে অসংখ্য মতামত, মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত পরামর্শ এসেছে। যেভাবে মানুষ আমাদের আক্রমণ করেছে, তা আমাকে সত্যিই কিছুটা বিস্মিত করেছে। আমাদের নিয়ে চিন্তা করবেন না। আমি জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুখী। আমার মুখে, বিয়ের পরের আনন্দে, আমার অভিনয়ে, সিনেমায় এবং জীবনযাপনে সেই সুখ দেখতে পাবেন বলে আশা করি। আমি সুখী, তৃপ্ত এবং নিজেকে ভাগ্যবান মনে করি।’
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি ‘রানাবালি’ সিনেমায়ও আবার একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।
এসএ/টিএ