© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ ঠেকাতে মাঠে নামবে পাকিস্তান

শেয়ার করুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ ঠেকাতে মাঠে নামবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ পিএম | ০৪ এপ্রিল, ২০২৫
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামীকাল (৫ এপ্রিল) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে মরিয়া নিউজিল্যান্ড। অন্যদিকে, হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ম্যাচে সান্তনার জয় চায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সিরিজের শেষ ওয়ানডে।

নেপিয়ারে প্রথম ওয়ানডে ৭৩ রানে এবং হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে ৮৪ রানে জয় পায় নিউজিল্যান্ড। দুই ম্যাচে আগে ব্যাট করে যথাক্রমে ব্যাটিংয়ে ৩৪৪ ও ২৯২ রান করে কিউইরা। প্রথম ম্যাচে ১৩২ রানের নান্দনিক ইনিংস খেলেন ব্যাটার মার্ক চাপম্যান। দ্বিতীয় ম্যাচে ৯৯ রানে অপরাজিত থাকেন মিচেল হে।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সফল বোলার ছিলেন পেসার নাথান স্মিথ। ৬০ রানে ৪ উইকেট নেন তিনি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ৫৯ রানে ৫ উইকেট নেন আরেক পেসার বেন সিয়ার্স।

সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না চাপম্যান। প্রথম ম্যাচে ফিল্ডিংকালে চোট পান তিনি। হ্যামস্ট্রিং ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়ে তার। এজন্য দ্বিতীয় ম্যাচও খেলতে পারেননি চাপম্যান। তার জায়গায় শেষ ম্যাচের দলে সুযোগ পেয়েছেন টিম সেইফার্ট।

২০১৯ সালে অভিষেকের পর একই বছর সর্বশেষ ওয়ানডে খেলেছেন সেইফার্ট। ৩ ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন সেইফার্ট।
২০৭ দশমিক ৫০ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সিরিজ সেরা খেলোয়াড় হন সেইফার্ট।

টি-টোয়েন্টির মত ওয়ানডেতে ব্যাট হাতে ভালো করতে পারেনি পাকিস্তাান। দুই ম্যাচে যথাক্রমে ২৭১ রান ও ২০৮ রান করে পাকিস্তান। স্বীকৃত ব্যাটারদের মধ্যে প্রথম ম্যাচে বাবর আজম ৭৮ ও সালমান আগা ৫৮ রান এবং দ্বিতীয় ম্যাচে ফাহিম আশরাফ ৭৩ রান করেন। গত ম্যাচে পেসার নাসিম শাহর ব্যাট থেকে আসে ৫১ রান।

শেষ ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘শেষ ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব। প্রথম দুই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারিনি আমরা। আশা করি, শেষ ম্যাচে ছেলেরা জ্বলে উঠবে।’

এখন পর্যন্ত অন্তত দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে তিনবার হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৬ সালে দুই ম্যাচের এবং ২০১৮ সালে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে নিউজিল্যান্ড।

এসএম/টিএ

মন্তব্য করুন