© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুস্তাফিজকে পেছনে ফেলে রেকর্ডবুকে বুমরাহ

শেয়ার করুন:
মুস্তাফিজকে পেছনে ফেলে রেকর্ডবুকে বুমরাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ২৪ এপ্রিল, ২০২৫
তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে জাসপ্রিত বুমরাহ যেন একেবারেই ভিন্ন স্তরের বোলার। ভারতের জাতীয় দল হোক কিংবা আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স দুই জায়গাতেই তিনি নির্ভরতার প্রতীক। আর এত আলোচনার মূল কারণ তাঁর সাম্প্রতিক কীর্তি। গতকাল বুধবার (২৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের ম্যাচে বুমরাহ পৌঁছেছেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলকে। 

এবারের আইপিএলে একেবারে শুরু থেকে ছিলেন না এই পেসার। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরেছেন অনেকটা সময় পরে। তার দল মুম্বাইও ছিল না ছন্দে। যদিও সেই অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটা। বুমরাহও ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন মুম্বাইয়ের নীল জার্সিতে।

বুধবার হায়দরবাদের বিপক্ষে বুমরাহ পেয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হেনরিখ ক্লাসেনের উইকেট। ওই একটা উইকেটই তাকে নিয়ে গেছে মাইলফলকের দোরগোড়ায়। টি-টোয়েন্টিতে সেটাই তার ৩০০ উইকেট। আর পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেটের বিবেচনায় ভারতের এই পেসার উঠে এসেছেন তিনে। পেছনে ফেলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে।

৩০০ টি-টোয়েন্টি উইকেট পেতে বুমরাহকে গতকাল পর্যন্ত বল করতে হয়েছে ২৩৭ ইনিংসে। ২৪১ ইনিংসে ৩০০ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। এতদিন টাইগার পেসারই ছিলেন তিনে। গতকাল তাকে সরালেন বুমরাহ। সবচেয়ে কম ২০৮ ইনিংসে ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই।

পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেট (টি-টোয়েন্টি ফরম্যাট)

২০৮ ইনিংস - অ্যান্ড্রু টাই
২১৭ ইনিংস - লাসিথ মালিঙ্গা
২৩৭ ইনিংস - জাসপ্রিত বুমরাহ
২৪১ ইনিংস - মুস্তাফিজুর রহমান
২৪৮ ইনিংস - টিম সাউদি

মাইলফলকের ম্যাচটায় জয়ের স্বাদও পেয়েছেন বুমরাহ। সানরাইজার্স হায়দরাবাদকে এদিন তার দল মুম্বাই হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আর এই জয় আইপিএলের পয়েন্ট টেবিলে মুম্বাইকে উঠিয়ে এনেছে তিন নম্বর স্থানে। 

 আরএম/টিএ

মন্তব্য করুন