গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশির
ছবি: সংগৃহীত
০৮:৪৪ এএম | ২২ আগস্ট, ২০২৫
গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সুদীপ ঘোষ(৪২) ও মোসলেউদ্দিন বাবু মোল্লা(৬৯)। বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু র্যালি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা একসঙ্গে কর্মস্থলের উদ্দেশ্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। যাত্রাপথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুদীপ বাবুকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে এথেন্সের নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয় হয়। শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কাছে হার মানেন।
নিহত সুদীপ ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার মৃত সুকুমার ঘোষের ছেলে। দীর্ঘদিন ধরে এথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। প্রায় দেড় বছর আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে তিনি দেশে গিয়েছিলেন। রেখে গেছেন- বৃদ্ধা মা, স্ত্রী ও এক কন্যাসন্তানসহ স্বজনদের ভেঙে পড়া পরিবার। অপর নিহত মোসলেউদ্দিন বাবু মোল্লা শরীয়তপুর জেলার দেশহাতরা গ্রামের বাসিন্দা। তিনি বহু বছর ধরে গ্রিসে শ্রমজীবী প্রবাসী ছিলেন।
এই আকস্মিক মৃত্যুর খবরে গ্রিসের প্রবাসী বাংলাদেশি সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাদের সহকর্মী ও বন্ধুস্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। এথেন্সের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে। একই দিনে দুটি প্রাণ নিভে যাওয়া শুধু দু’টি পরিবারকেই নয়, গোটা প্রবাসী বাংলাদেশি সমাজকেই স্তব্ধ করে দিয়েছে।
পিএ/এসএন