আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া বলিউড নির্মাতা বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী ভাটের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন রাজস্থানের একটি আদালত। শনিবার (৩১ জানুয়ারি) বিচারপতি বিনোদ কুমার ভারওয়ানি এই আদেশ দেন। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে এই তারকা দম্পতিকে।
বিখ্যাত ফার্টিলিটি ক্লিনিক ‘ইন্দিরা আইভিএফ’-এর প্রতিষ্ঠাতা চিকিৎসক অজয় মুর্দিয়ার দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর মুম্বাই থেকে বিক্রম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। অজয় মুর্দিয়ার দাবি, বিক্রম ভাটের বেশ কিছু প্রজেক্টে তিনি প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।
যার মধ্যে অজয়ের স্ত্রীর বায়োপিক নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিক্রম কোনো কাজ শুরু করেননি এবং বিনিয়োগ করা অর্থও ফেরত দেননি। শুনানি চলাকালীন সরকারি পক্ষের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন।
তিনি যুক্তি দেখান যে, মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তদের হেফাজতে রাখা জরুরি। বিচারক বিনোদ কুমার ভারওয়ানি উভয় পক্ষের যুক্তি শুনে জানান, মামলার এই সংবেদনশীল পর্যায়ে অভিযুক্তদের জামিন দেওয়া যুক্তিসঙ্গত হবে না।
উদয়পুরের ভূপালপারা থানায় বিক্রম ভাট, তার স্ত্রীসহ মোট ৮ জনের বিরুদ্ধে এই জালিয়াতির মামলা দায়ের করা হয়েছিল। এমনকি গ্রেপ্তার এড়াতে তারা যেন দেশের বাইরে যেতে না পারেন, সেজন্য আগেই তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। বর্তমানে তারা উদয়পুর জেল হেফাজতে রয়েছেন।
এসএন