বহু দিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে তিনি। নতুন ছবি নেই, প্রকাশ্যে উপস্থিতিও খুব কম। তবু সংবাদমাধ্যমের আলো থেকে যেন কখনও সরেন না ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি আবারও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বহু বছরের পুরোনো একটি ভিডিও, আর সেই ভিডিও ঘিরেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বসুন্দরী থেকে বলিউড তারকা হয়ে ওঠা এই অভিনেত্রী।
ঘটনাটি বেশ কয়েক বছর আগের। জনপ্রিয় উপস্থাপক ফারুখ শেখের অনুষ্ঠান ‘জিনা ইসি কা নাম হ্যায়’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়া। সাধারণ দর্শক তাঁকে বরাবরই দক্ষ অভিনেত্রী হিসেবেই চেনে, কিন্তু সেই অনুষ্ঠানে প্রকাশ পায় তাঁর আর এক অজানা প্রতিভা। তিনি যে অসাধারণ গানও গাইতে পারেন, তা অনেকের কাছেই ছিল অজানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চন্দ্রচূড় সিংও, যিনি ঐশ্বরিয়ার সঙ্গে ‘জোশ’ ছবিতে কাজ করেছিলেন। ফারুখ শেখ যখন ‘জোশ’-এর শুটিংয়ের কোনও স্মৃতি শোনাতে অনুরোধ করেন, তখনই চন্দ্রচূড় অকপটে জানিয়ে দেন ঐশ্বরিয়ার গানের দক্ষতার কথা। তার কথায়, ঐশ্বরিয়া অত্যন্ত ভালো গায়িকা, যদিও এই বিষয়টি অনেকেই জানেন না। তবে নিজের প্রশংসায় বরাবরই সংযত ঐশ্বরিয়া পাল্টা জানান, চন্দ্রচূড়ও সমান ভালো গান করেন।
এরপরই অনুষ্ঠানের পরিবেশ যেন অন্য মোড় নেয়। উপস্থাপকের অনুরোধে প্রথমে কিছুটা ইতস্তত করলেও শেষ পর্যন্ত গান ধরেন ঐশ্বরিয়া। ‘মেরি সানসো মে বাসা হ্যায় তেরা হি এক নাম’ গানের সুর ভেসে উঠতেই স্টুডিও জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। উপস্থিত সকলে মুগ্ধ হয়ে শোনেন তার কণ্ঠ। পরে চন্দ্রচূড়ও তাঁর সঙ্গে গলা মেলালে মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে। সেই দৃশ্যই এখন নতুন করে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আর ভক্তদের বিস্ময় বাড়াচ্ছে ঐশ্বরিয়ার লুকিয়ে থাকা এই সুরেলা প্রতিভা।
উল্লেখ্য, ‘জোশ’ ছবিটি মুক্তি পেয়েছিল দুই হাজার সালে। মনসুর খান পরিচালিত সেই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিংয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন শাহরুখ খানও। ছবিতে তিনি ছিলেন ঐশ্বরিয়া ভাইয়ের চরিত্রে, আর চন্দ্রচূড় ছিলেন তাঁর প্রেমিকের ভূমিকায়। বহু বছর পর সেই ছবির স্মৃতি জড়ানো একটি টেলিভিশন মুহূর্তই আজ আবার নতুন করে ফিরিয়ে আনল ঐশ্বর্য রাই বচ্চনের অন্য এক পরিচয় অভিনেত্রীর আড়ালে লুকিয়ে থাকা গায়িকা ঐশ্বরিয়া।
পিআর/টিকে