ধর্মীয় মেরুকরণের মন্তব্য নিয়ে ফের সরাসরি সাফাই দিয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। সম্প্রতি ‘কপিল শর্মার শো’-এ উপস্থিত হয়ে তিনি জানান, কীভাবে তার কথাগুলো ভুল বোঝা হয়েছে তা বোঝার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আলাদা রাজ্য, আলাদা সংস্কৃতি। তথ্য সবার কাছে পৌঁছনোর আগে বিকৃত হয়ে যায়। এটাই এই বিশ্বের মূল সমস্যা।”
গত জানুয়ারি মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গত আট বছরে ক্ষমতার পালাবদলের কারণে বলিউডে তার কিছু কাজ হাতছাড়া হয়েছে। নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজনের প্রভাবও থাকতে পারে বলেছিলেন তিনি। এ সময় তিনি বলেন, “যদিও কেউ মুখে তা বলেনি, তবে কানাঘুষোর মাধ্যমে বিষয়টি আমার কাছে এসেছে। আমি আন্তরিকতা দিয়েও যদি কাজ না করতে পারি, তাতে কারও কাছে গিয়ে নিজেকে চাপিয়ে দিতে পারি না।” এই মন্তব্যে শুরু হয়েছিল বিতর্ক।
এরপর গত ১৮ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। সেখানে বলেন, গান সবসময়ই তার সংযোগ স্থাপনের মাধ্যম, উদযাপন এবং সম্মান প্রদর্শনের মাধ্যম। তিনি ভারতকে তার অনুপ্রেরণা, শিক্ষক ও বাড়ি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “উদ্দেশ্য নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আমি কখনও কাউকে ব্যথা দিতে চাইনি। আমি ভারতীয় হিসেবে গর্বিত। দেশ আমার সৃজনশীল স্বাধীনতার মূল্য দিয়েছে।”
রহমান ভিডিওবার্তায় আরও উল্লেখ করেন, জালা প্রকল্পে কাজ করেছেন, সেটি ওয়েভস সামিটে প্রধানমন্ত্রী মোদির কাছে উপস্থাপন করেছেন, নাগা সঙ্গীতশিল্পীদের সঙ্গে একটি স্ট্রিং অর্কেস্ট্রা তৈরি করেছেন এবং ভারতের প্রথম বহুসংস্কৃতির ভার্চুয়াল ব্যান্ড ‘সিক্রেট মাউন্টেন’ প্রতিষ্ঠা করেছেন। তিনি রামায়ণের সঙ্গীতেও হ্যান্স জিমারের সঙ্গে সহযোগিতা করেছেন। এ সব অভিজ্ঞতা তার সঙ্গীতকে আরও শক্তিশালী করেছে বলে জানান।
পিআর/টিকে