বিয়ের মণ্ডপ সাজানো, অতিথিদের ভিড়, সব প্রস্তুতি সম্পূর্ণ অথচ শেষ মুহূর্তে থমকে গেল সব। স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বহু আলোচিত বিয়ে আর হলই না। সেই বিয়ের আসরে উপস্থিত ছিলেন অভিনেতা নন্দিশ সন্ধুও। কিন্তু পৌঁছে তিনি যে দৃশ্য দেখলেন, তা তাঁর কল্পনাতেও ছিল না। নন্দিশ জানান, আসরে গিয়ে জানতে পারেন বিয়েটা আপাতত হচ্ছে না। ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি তিনি। তাঁর মতে, পুরো ঘটনাটা সবচেয়ে ভাল বলতে পারবেন পলাশই, কিন্তু এখনও পর্যন্ত কেউ সরাসরি তাঁর সঙ্গে কথা বলেননি।
অতিথিদের জানানো হয়েছিল, স্মৃতির পরিবারের একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সেই কারণেই বিয়ে স্থগিত করা হয়। নন্দিশ বলেন, সংবাদমাধ্যমে যা প্রকাশ পেয়েছে, তিনিও মূলত সেটুকুই জানেন। পরে পুরো বিষয়টি শুনে তিনি নিজেও বিস্মিত হন, কারণ দীর্ঘদিন ধরে স্মৃতি ও পলাশের সম্পর্ক তিনি খুব কাছ থেকে দেখেছেন। তাঁর কথায়, দু’জনের মধ্যে গভীর ভালবাসা ছিল, পাঁচ ছয় বছর ধরে তাঁদের সম্পর্কের উষ্ণতা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন।
উল্লেখযোগ্য বিষয় হল, বিয়ের আগেই মেহন্দি, সঙ্গীত, গায়ে হলুদ সব অনুষ্ঠানই সম্পন্ন হয়েছিল। নাটকীয়ভাবে আংটি বদলও হয়েছিল আগেই। তাই ঠিক বিয়ের মুহূর্তে এমন স্থগিতের ঘটনায় অবাক হয়েছেন অনুরাগীরাও। কী ঘটেছিল সেই রাতে, তা নিয়ে এখনও রয়ে গেছে রহস্যের আবরণ।
পিআর/টিকে