নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ব্যবসায়ীদের বাধ্য করে সভায় নেয়া হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়েছে। রাতের আধারে আমার পোস্টার-বিলবোর্ড খুলে নেয়া হচ্ছে। নারী কর্মীদের হেনস্থা-হামলা করা হচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের কাছে নাসীরুদ্দীন এই অভিযোগ করেন। তিনি বলেন, তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন তারই অংশ হচ্ছে জামায়াত আমিরের আইডি হ্যাক করা। বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে আমাদের প্রচারণা চালাতে দেয়া হয়নি। ভোট কেন্দ্র দেখতে চেয়েছিলাম।
নাসীরুদ্দীন বলেন, মিডিয়া হাউজের ওপর প্রেসার দেয়া হচ্ছে। সত্য সংবাদ প্রকাশ করতে দেয়া হচ্ছে না। মিডিয়া-প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে। অসম ফিল্ড তৈরি করে রাখা হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কতটুকু ক্রেডিবল ইলেকশন হবে সেটি আশঙ্কাজনক।
এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনের চোখ কী অন্ধ? নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দিয়েছে। ইসি আগে গোল দিয়ে দিলে জনগণ কিভাবে ভোট দিবে।
তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের পর একমাত্র বিএনপির কারণে পরিবর্তন করা যায় নি। আমার আসনের স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য বন্ধ করতে চাই। মাদকমুক্ত ঢাকা-৮ গড়তে চাই।কাঁচা বাজার মাল্টি কম্পলেক্স বিল্ডিং বানবো। হকার্স লাইসেন্স দেব। কর্মজীবী নারীদের নিরাপত্তা দেব। যানজট নিরসনে কাজ করবো। আইনশৃঙ্খলা ঠিক করতে কাজ করবো।
এসএস/টিএ