টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইস্যুতে আইসিসিকে প্রশ্নের মুখে ফেলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তিনি মনে করেন, আইসিসির নীতি সব দলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
সাম্প্রতিক সময়ে আইসিসি ও শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলোর সিদ্ধান্তগুলোতে এক ধরনের দ্বৈত মানদণ্ড লক্ষ্য করা যায়, যা বিশ্ব ক্রিকেটের ভারসাম্যকে ক্ষুণ্ণ করতে পারে। স্কাই স্পোর্টসের পডকাস্টে এমনটাই বলেছেন হুসেইন।
তিনি বলেন, 'কোনো দল দেরিতে এসে বলল, ঠিক আছে আমরা সফর করছি না-এ অবস্থায় আইসিসির প্রতিও আমার কিছুটা সহানুভূতি আছে। তাই প্রকৃত তুলনাটা হবে এবং আসল প্রশ্নটাও এখানেই, যার উত্তর কেবল আইসিসিই দিতে পারে।'
নাসের হুসেইন আন্তর্জাতিক ক্রিকেটে নীতি ও সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতার গুরুত্বের ওপর জোর দেন। তার মতে, সকল বোর্ড, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সংস্থার উচিত এমন নীতিমালা অনুসরণ করা।
তিনি বলেন, 'ভবিষ্যতে যদি ভারত কোনো টুর্নামেন্টের এক মাস আগে বলে যে তাদের সরকার চায় না তারা বিশ্বকাপে ওই দেশে খেলতে যাক, তখন কি আইসিসি এতটাই কঠোর থাকবে? তারা কি বলবে, নিয়ম তো জানোই, দুর্ভাগ্য, আমরা তোমাদের বাদ দিচ্ছি? সব পক্ষই আসলে একটাই জিনিস চাইছে, সামঞ্জস্য ও ধারাবাহিকতা।'
পডকাস্টে তিনি আরও সতর্ক করে বলেন, মাঠের ভেতরের আচরণও সমানভাবে প্রভাবিত হচ্ছে। হ্যান্ডশেক না করা, ট্রফি না নেয়া বা খেলা থেকে নিজেকে আলাদা রাখা—এসব ঘটনা শুধু খেলোয়াড়দের মধ্যে নয়, বোর্ডের পদক্ষেপ থেকেও উদ্ভূত হচ্ছে।
টিজে/টিকে