আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনো ধরনের পরামর্শ, মতামত বা সংশোধন দিবে না, শুধুমাত্র পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ইভার্স ইজাবস বলেন, ‘আমরা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি। আমরা এখানে উপদেশ দিতে আসিনি। আমরা এই নির্বাচন পর্যবেক্ষণ করব। আমরা চাই এই নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই নির্বাচনের মাঠ যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। কিছুদিন আগে আমরা দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক পাঠিয়েছি। নির্বাচনে আরও পর্যবেক্ষক আসবে।’
ইইউ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, ‘বাংলাদেশের সকল নাগরিক, বিশেষ করে নারী ভোটারদের নিরাপত্তা চায় ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে নারী সংখ্যালঘুসহ সকল সম্প্রদায়ের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ।’
তিনি জানান, ৩০০ সংসদীয় আসনে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।
এবি/টিএ