বিশ্বকাপ শুরুর আগেই সেমিফাইনালিস্ট চার দলের নাম জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার পছন্দের তালিকায় নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের সঙ্গে নিউজিল্যান্ড বা পাকিস্তানকে দেখছেন বিশ্বকাপের সেমিফাইনালে। ভারত স্বাগতিক হওয়ায় বেশি চাপে থাকবে বলেও মত তার।
আইসিসি আর ভারতকে নিয়ে নানা সমালোচনা থাকলেও, নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা আসর সামনে রেখে অংশগ্রহনকারী দেশগুলো নিয়ে নানা মত দিচ্ছেন সাবেকরা। কোন দল শক্তিশালী শিরোপার জন্য কারা বেশি দাবিদার। এসব নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
ভারতীয় বোর্ডের কর্তাদের নিয়ে নানা সমালোচনা থাকলেও, স্বাগতিক দলটাকে বিশ্বকাপে এগিয়ে রাখছেন সবাই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দারুণ ভারসাম্যপূর্ণ দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হচ্ছে না গ্রুপ পর্বে। ক্রিকেট কর্তাদের বিতর্কিত কাণ্ডে একটু বেশি কি চাপে থাকবে ভারত। এই প্রোটিয়ার মতে, ভারতের বাড়তি চাপে থাকার মূল কারণ সমর্থকদের অতি প্রত্যাশা।
সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেন, 'ভারত দারুণ ভারসাম্যপূর্ণ দল। দুর্দান্ত ফর্মেও আছেন ক্রিকেটাররা। সূর্যকুমার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ইশান কিশান ছন্দে আছেন। ব্যাটারদের সঙ্গে বোলিংয়ে বেশকিছু বিকল্প আছে অধিনায়কের হাতে। তবে হ্যাঁ ভারত চাপে থাকবে। কারণ তারা স্বাগতিক, দর্শকদের প্রত্যাশা বেশি থাকবে। মাঠের বাইরের নানা ইস্যুতে এমনিতেও চাপে তারা।'
ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি কেমন। স্কোয়াডই বা কেমন হয়েছে। সাবেক প্রোটিয়া অধিনায়ক বাছাই করেছেন তার পছন্দের সেমিফাইনালিস্ট। অবাক করা বিষয় হলো সেখানে নেই অস্ট্রেলিয়া।
ডি ভিলিয়ার্স বলেন, 'স্কোয়াডগুলোর দিকে তাকালে কোনো দলকে ফেলে দেয়া যাবে না। সেরা চার দল বাছাই করা কঠিন। তবে আমার মনে হয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড। চার নম্বর দল হিসেবে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড থেকে কেউ হবে। কিউইরা সব সময় ডার্ক হর্স। তারা সব সময় দারুণ কিছু করে আসছে। চতুর্থ দল হতে পারে নিউজিল্যান্ড।'
প্রথম বিশ্বকাপ হিসেবে এবার ইতালি চমক দেখাবে বলেও বিশ্বাস এই সাবেক প্রোটিয়া ক্রিকেটারের।
এমআই/টিকে