সঞ্জয় লীলা বনশালির প্রযোজনায় নির্মিত ‘দো দিওয়ানে শহর মে’ ছবির ঝলক প্রকাশের পর থেকেই দর্শকমহলে জোর আলোচনা শুরু হয়েছে। সেই উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী সন্দীপা ধর। ছবির মুখ্য চরিত্রে মৃণাল ঠাকুর ও সিদ্ধান্ত চতুর্বেদী থাকলেও ঝলকে সন্দীপার স্বল্প উপস্থিতিই আলাদা করে নজর কেড়েছে দর্শকদের।
সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সন্দীপা জানিয়েছেন, এই ছবি তাঁর কাছে কেবল প্রেমের গল্প নয়, বরং গভীর আবেগের এক অভিজ্ঞতা। সহশিল্পী মৃণাল ঠাকুরের অভিনয়ের ভঙ্গুরতা ও আন্তরিকতার প্রশংসা করে তিনি বলেন, চরিত্রের ভেতরের অনুভূতিগুলো খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন মৃণাল। পরিচালক রবি উদয়ারের সংবেদনশীল নির্মাণশৈলীর কথাও উল্লেখ করেন সন্দীপা। একই সঙ্গে চিত্রনাট্যকার অভিরুচি চাঁদের গল্প বুননের দক্ষতাকে কৃতিত্ব দিয়ে জানান, তাঁর লেখাই ছবির আবেগঘন পরিবেশকে জীবন্ত করে তুলেছে। ছবিতে ‘নাইনা’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন জানিয়ে পুরো দলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
সমসাময়িক সম্পর্কের টানাপোড়েন ও আবেগঘন গল্পভিত্তিক উপস্থাপনায় নির্মিত ‘দো দিওয়ানে শহর মে’ ধীরে ধীরে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে তুলছে। আগামী ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ছবিটির, ভালোবাসা দিবসের সপ্তাহকে ঘিরে মুক্তির এই পরিকল্পনা ছবিটির প্রতি আগ্রহ আরও উসকে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরআই/টিকে