© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ কোটি টাকা বহন করা যাবে বলিনি, মিসকোট করা হয়েছে: ইসি সচিব

শেয়ার করুন:
৫ কোটি টাকা বহন করা যাবে বলিনি, মিসকোট করা হয়েছে: ইসি সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘৫ কোটি টাকা বহন’ সংক্রান্ত বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের পর নিজের অবস্থান জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি দাবি করেন, তাঁকে ভুলভাবে উদ্ধৃত (মিসকোট) করা হয়েছে এবং তিনি কখনোই ৫ কোটি টাকা বহনের অনুমতির কথা বলেননি।

ইসি সচিব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি ফাইন্যান্সিয়াল ইস্যুতে আমাকে কোট করা হয়েছে, আমি নাকি বলেছি, ৫ কোটি টাকা নিয়ে যাওয়া হলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এ রকম মিসকোট করবেন না। একটি ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যদি আমরা আমাদের এই অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি, সেটা অত্যন্ত দুঃখজনক হবে।’

আখতার আহমেদ বলেন, ‘আমাকে একটি অর্থের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমি বলেছি, দেখেন-যারা এটা ইন্টারসেপ্ট করেছে, তারা সোর্স, অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অব ফান্ড-এগুলোর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। আমি এটাই বলেছি। এটাকে যদি দুর্ভাগ্যজনকভাবে মিসকোট করা হয়, সেটা আমার জন্য অত্যন্ত অপমানজনক। আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এ রকম অপতথ্য দেওয়া থেকে অনুগ্রহ করে বিরত থাকবেন।’

আইনগতভাবে টাকা বহনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আইনি ব্যাখ্যার কোনো ব্যাপার নেই। আমি আবারও বলছি, যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছেন, বিষয়টি তাদের।

আইনের ব্যাখ্যা তো তারাই দেবেন। আমি কেন দেব? আমার কি কোনো অধিকার আছে, ক্ষমতা আছে যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা বা এত টাকা নেওয়া যাবে বা যাবে না-এটা বলার?’

ইসি সচিব আরও বলেন, ‘আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান, তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা হচ্ছে। আপনারা আবারও একই জিনিস করছেন। দয়া করে এই অপতথ্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। আমরা একটু ক্রস-চেক করে নিতে পারতাম। আমাকে মিসকোট করা হয়েছে। অনুগ্রহ করে করবেন না।’

এর আগে, আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা-পুলিশ। এ ঘটনার পর নির্বাচনের সময় টাকা বহনের সীমা নিয়ে আলোচনা শুরু হয়।

এসএস/টিএ

মন্তব্য করুন