মার্করাম ঝড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে দ. আফ্রিকা
ছবি: সংগৃহীত
১১:৩২ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার এইট প্রায় নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে গ্রুপ ডি'র ম্যাচে কিউইরা পাত্তাই পেল না প্রোটিয়াদের সামনে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) আহমেদাবাদে নিউজিল্যান্ডকে ৭ উইকেট ও ১৭ বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এদিন টস জিতে কিউদের আগে ব্যাট করার আমন্ত্রণ জানান প্রটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংয়ে নেমে দলীয় প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৭৫ রান সংগ্রহ করে।
জবাব দিতে নেমে অধিনায়ক মার্করামের অনবদ্য ব্যাটিংয়ে ১৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
কিউইদের হয়ে এদিন কেউই বড় ইনিংস না খেললেও প্রায় সবাই কিছু না কিছু অবদান রেখেছেন। প্রথম ছয় ব্যাটারের পাঁচজনই পেয়েছেন দুই অঙ্কের রানের দেখা।
আরও পড়ুন: ‘অধিনায়ক’ ইমরানের চিকিৎসার দাবিতে সোচ্চার ওয়াসিম-ওয়াকাররা
ওপেনিংয়ে নেমে টিম সেইফার্ট ৯ বলে ১৩, ফিন অ্যালেন ১৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩১ এবং রাচিন রবীন্দ্র ৮ বলে ১৩ রান করেন। এই তিনজনই আউট হন মার্কো ইয়ানসেনের বলে।
চারে নেমে ১ রান করেই কেশভ মহারাজের শিকার হন গ্লেন ফিলিপস। ৬৪ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।
পঞ্চম উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেন মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল। এই জুটিও ভাঙেন ইয়ানসেন। ২৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৮ রান করা চ্যাপম্যানকে ফেরান এই অলরাউন্ডার। এক ওভার পর মিচেলকে ফেরান এনগিডি। ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন তিনি।
অধিনায়ক স্যান্টনার ১০ বলে ৪ রানে আউট হলে বড় স্কোরের সম্ভাবনা কমে যায় কিউইদের। শেষদিকে জিমি নিশাম ঝড় তোলার চেষ্টা করেছিলেন। ১৫ বলে ৩ চারে ২৩ রান করেন তিনি। ৮ বলে ৯ রান করে তাকে সঙ্গ দেন ম্যাট হেনরি।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ইয়ানসেন ৪০ রানে ৪ উইকেট শিকার করেন। এনগিডি, বশ এবং মহারাজ ১টি করে উইকেট শিকার করেন।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে মার্করাম ও কুইন্টন ডি কক ঝড় তোলেন। মাত্র ২৮ বল স্থায়ী জুটিতেই ৬২ রান যোগ করেন তারা। ১৪ বলে ২০ রান করা ডি কককে বোল্ড করে জুটি ভাঙেন লকি ফার্গুসন।
অষ্টম ওভার শেষ হওয়ার আগে দলীয় শতরান পূর্ণ হয় প্রোটিয়াদের। ১১ বলে ২১ রান করা রিকেলটনকে আউট করেন নিশাম। কিন্তু কিউইরা মার্করাম ঝড় থামাতে পারেনি কিছুতেই।
১২তম ওভারে আউট হন দেভাল্ড ব্রেভিস। রবীন্দ্রের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ২১ রান করেন তিনি। ডেভিড মিলারকে সঙ্গী করে বাকি পথটা পাড়ি দেন মার্করাম।
আরও পড়ুন: হাত মেলানোর প্রশ্নে সূর্যকুমার কী বললেন
প্রোটিয়া দলপতি মাত্র ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৬ রান করে অপরাজিত থাকেন। সঙ্গী মিলার ১৭ বলে করেন ২৪ রান।
কিউইদের পক্ষে ফার্গুসন, নিশাম ও রবীন্দ্র ১টি করে উইকেট শিকার করেন।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। খুব নাটকীয় কিছু না ঘটলে আর কোনো ম্যাচ না জিতেও সুপার এইটে উঠে যেতে পারে প্রোটিয়ারা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে নিউজিল্যান্ড।
টিজে/টিএ