© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সম্মানসূচক স্বর্ণ পাম পেয়ে চমকে গেলেন হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা

শেয়ার করুন:
সম্মানসূচক স্বর্ণ পাম পেয়ে চমকে গেলেন হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৬ পিএম | ১৬ মে, ২০২৬
হলিউডের খ্যাতিমান অভিনেতা জন ট্রাভোল্টা চমকে গেলেন! ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণ পাম দেওয়া হয়েছে তাকে। নিজের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার শুরুর আগে এই পুরস্কার পেয়েছেন তিনি।

শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা পনে ৭টায় ফ্রান্সের দক্ষিণে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে জন ট্রাভোল্টার হাতে স্বর্ণ পাম তুলে দেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ।

মেয়ে এলা ব্লু ট্রাভোল্টাকে নিয়ে হাজির হন জন ট্রাভোল্টা। দুবার অস্কারের জন্য মনোনীত এই অভিনেতা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘সত্যি বলতে, এটি অস্কারের চেয়েও বেশি কিছু।’

‘কান প্রিমিয়ার’ বিভাগে দেখানো হয় জন ট্রাভোল্টা পরিচালিত ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’। এটি মূলত উড়োজাহাজের প্রতি এক কিশোরের অগাধ ভালোবাসা এবং বিমানযাত্রার স্বর্ণযুগের সময় লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটের গল্প। প্রায় তিন দশক আগে ট্রাভোল্টার নিজের লেখা একই নামের একটি গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।

ইনস্টাগ্রামে এক পোস্টে জানা যায়, জন ট্রাভোল্টা নিজেই বিমান চালিয়ে মেয়ে এলা ব্লু ট্রাভোল্টাকে নিয়ে কান শহরে পৌঁছেছেন। ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ ছবিতে একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের চরিত্রে অভিনয় করেছেন এলা ব্লু। পরিচালনার পাশাপাশি ফ্লাইটের ক্যাপ্টেনের ভূমিকায় আছেন জন ট্রাভোল্টা। ব্যক্তিজীবনে তিনি একজন দক্ষ পাইলট। শৈশবে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা দেখতে ভালো লাগতো তার। ১৫ বছর বয়সে উড়োজাহাজ চালানো শুরু করেন তিনি। ২২ বছর বয়সে অর্জন করেন প্রথম পাইলট লাইসেন্স। বোয়িং ৭০৭, ৭৩৭, ৭৪৭, বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেসসহ একাধিক উড়োজাহাজ চালানোর সনদ রয়েছে তার। প্রথম ব্যক্তিগত পাইলট হিসেবে এয়ারবাস এ-৩৮০ ওড়ানোর কৃতিত্ব গড়েছেন তিনি। ৯ হাজার ঘণ্টার বেশি সময় ফ্লাইট পরিচালনায় অভিজ্ঞতা আছে এ অভিনেতার। ‘লুক হু ইজ টকিং’ (১৯৮৯) ও ‘ব্রোকেন অ্যারো’ (১৯৯৬) ছবি দুটিতে বিমান চালিয়েছেন নিজেই। কয়েকটি ব্যক্তিগত বিমানও রয়েছে তার।

বিমানপ্রেমের জন্য জন ট্রাভোল্টার কাছে ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ নির্মাণ করা ছিল হৃদয়ের একটি কাজ। তিনি নিজেই প্রযোজনা, অর্থায়ন, পরিচালনা, ধারাভাষ্য এবং চিত্রনাট্য রচনা করেছেন।

৭২ বছর বয়সী এই তারকা বলেন, ‘ছবিটি অনেকে প্রযোজনা ও পরিচালনা করতে চেয়েছিল। কিন্তু আমার কাছে এটি খুবই ব্যক্তিগত বিষয় মনে হয়েছে। তাই আমি নিজেই কাজটি করতে চেয়েছি। এমন নয় যে, অন্য কেউ এটা করতে পারত না। আসলে আমার শুরুটা কীভাবে হয়েছিল, তার একটা প্রতিচ্ছবি জীবনের শেষ অধ্যায়ে এসে তুলে ধরতে চেয়েছিলাম।’



জন ট্রাভোল্টা হলিউডের অন্যতম দীর্ঘস্থায়ী তারকা। সত্তর দশকের শেষ দিকে ‘স্যাটারডে নাইট ফিভার’, ‘গ্রিজ’ ও স্টিফেন কিংয়ের গল্প অবলম্বনে নির্মিত ভৌতিক ধাঁচের ছবি ‘ক্যারি’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। ক্যারিয়ারে একসময় মন্দা গেলেও ১৯৯৪ সালে কোয়েন্টিন টারান্টিনোর বিখ্যাত চলচ্চিত্র ‘পাল্প ফিকশন’ কান উৎসবে স্বর্ণ পাম জয়ের ফলে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখা যায় তার। পরে ‘গেট শর্টি’, ‘ফেস/অফ’ ও ‘হেয়ারস্প্রে’র মতো চলচ্চিত্রের মাধ্যমে নিজের তারকাখ্যাতি আরও সুদৃঢ় করেন।

দর্শকদের উদ্দেশে জন ট্রাভোল্টা বলেন, ‘আমার জীবনটা চমৎকার কেটেছে। থিয়েটার, চলচ্চিত্র, গান, নাচ আর অভিনয়ের মতো সুন্দর শিল্পকলা পেয়েছি। সেই সঙ্গে পেয়েছি আকাশের শিল্প।’

কান উৎসবে শনিবার (১৬ মে) স্থানীয় সময় বিকেল ৪টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাজিন থিয়েটারে এবং সন্ধ্যা সোয়া ৬টায় সিনেয়াম আইম্যাক্সে আবার দেখানো হবে ‘প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’। অ্যাপল টিভিতে আগামী ২৯ মে মুক্তি পাবে ছবিটি।

পিআর/টিকে

মন্তব্য করুন