বেইজিংয়ের বহুতল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ গেল পাইলটের, আহত ১৩
ছবি: সংগৃহীত
০৬:০৫ পিএম | ২৭ জুন, ২০২৬
চীনের রাজধানী বেইজিংয়ে একটি ছোট বিমান বহুতল ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে বলে শনিবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৫৫ মিনিটে দুই আসনের একটি হালকা স্পোর্টস বিমান বেইজিংয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকা চাওইয়াং জেলায় ১০৮ তলার একটি বহুতল ভবনের আছড়ে পড়ে। কর্তৃপক্ষ ভবন বা পাইলটের পরিচয় প্রকাশ করেনি।
তবে ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি বেইজিংয়ের বিখ্যাত সিআইটিআইসি টাওয়ারে (চায়না জুন) আঘাত হানে। ১০৮ তলা সিআইটিআইসি টাওয়ারটি বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি।
প্রাচীন চীনা মদের পাত্রের আদলে নির্মিত এই আকাশচুম্বী ভবনটি শহরের অন্যতম পরিচিত স্থাপনা।
কঠোর আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য পরিচিত বেইজিংয়ে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
এমআর/টিএ