© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার কারণে আমি রাতে ঘুমাতে পারি না: ন্যাটো প্রধান

শেয়ার করুন:
রাশিয়ার কারণে আমি রাতে ঘুমাতে পারি না: ন্যাটো প্রধান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০১ পিএম | ০১ জুলাই, ২০২৬
রাশিয়ার ক্রমাগত সামরিক তৎপরতা ও তৈরি হওয়া বৈশ্বিক সংকটকে ন্যাটোর জন্য সবচেয়ে বড় হুমকি মনে করেন জোটের প্রধান মার্ক রুটে। তিনি নিজের গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই বিষয়টি বর্তমানে তার রাতের ঘুম কেড়ে নিয়েছে।  

বুধবার (১ জুলাই) এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

আগামী ৭-৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোপ্রধান এমন মন্তব্য করেন। মার্ক রুটে বলেন, ‘সাধারণত, আমি রাতে স্বাভাবিকভাবে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু যদি কোনো কিছু আমাকে রাতে জাগিয়ে রাখে, তবে তা হলো রাশিয়া।’

তিনি আরও বলেন, ‘চীন তার নিজস্ব সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করছে, ২০৩০ সালের মধ্যে দেশটির কাছে অন্তত এক হাজার পারমাণবিক অস্ত্র থাকবে। সুতরাং, চীন সম্পর্কে আমাদের সরল বিশ্বাসী হওয়া উচিত নয়। কিন্তু রাশিয়া বর্তমান এবং দীর্ঘমেয়াদের জন্য আমাদের প্রধান হুমকি।’

ইউক্রেনের প্রতি সামরিক ও কূটনৈতিক সমর্থন বজায় রাখা তার জোটের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান ন্যাটোপ্রধান। এবারের শীর্ষ সম্মেলন নিয়ে তার প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে রুটে বলেন, তিনি আশা করেন এটি শেষ হওয়ার পর বিশ্ববাসী বলবে, এটি এমন একটি শীর্ষ সম্মেলন ছিল যা গত বছর হেগে করা প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, ‘এই প্রতিশ্রুতিগুলো ছিল মূলত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং সামরিক-শিল্প কমপ্লেক্সকে আরও শক্তিশালী করা। বেশ কিছু সফল উদাহরণ ইতিমধ্যে রয়েছে এবং পরিস্থিতি সার্বিকভাবে উন্নত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হলো প্রতিরক্ষা শিল্পে উৎপাদন বৃদ্ধি করা। শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ন্যাটো প্রতিরক্ষা শিল্প ফোরামে আমরা সর্বপ্রথম এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব।’

কেএন/এসএন




মন্তব্য করুন