ইসরায়েল ম্যাচ বয়কট করতে চান আইরিশ মিডফিল্ডার
ছবি: সংগৃহীত
০৮:৫০ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যকার উয়েফা নেশনস লিগের ম্যাচটি নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। এবার সেই বিতর্কে সরাসরি নিজের অবস্থান জানালেন আয়ারল্যান্ডের মিডফিল্ডার জেসন নাইট।
নাইটই প্রথম আইরিশ খেলোয়াড়, যিনি প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি হওয়া উচিত নয়। দুই দলের ম্যাচটি রোববার হাঙ্গেরির ডেব্রেসেনে হওয়ার কথা। ফিরতি ম্যাচ ৪ অক্টোবর সার্বিয়ার বাকা তোপোলায়। দুই ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা।
ইসরায়েল ও আয়ারল্যান্ড নেশনস লিগের একই গ্রুপে আসার পর থেকেই আয়ারল্যান্ডে ম্যাচ বয়কটের দাবি জোরালো হতে থাকে। গাজা যুদ্ধ নিয়ে দেশটিতে যে তীব্র বিতর্ক চলছে, তার প্রভাব পড়েছে ফুটবলেও। ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণা শুরু হয়েছে ম্যাচ দুটি না খেলার দাবিতে।
এমন পরিস্থিতিতে আইরিশ দলের অধিনায়ক দারা ওশিয়া জানিয়েছিলেন, খেলোয়াড়েরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং যেকোনো সিদ্ধান্ত দল হিসেবেই নেওয়া হবে। তবে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল।
এর মধ্যেই নাইট প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়ে বলেন, ম্যাচটি হওয়া উচিত নয়। তিনি জানান, বিষয়টি আয়ারল্যান্ডে বড় আলোচনা তৈরি করেছে এবং খেলোয়াড়েরাও এ নিয়ে নিজেদের মধ্যে আরও কথা বলবেন।
মাঠের বাইরে এই বিতর্ক যতই তীব্র হয়েছে, আইরিশ ফুটবল কর্তৃপক্ষের অবস্থানও ততটাই আলোচনায় এসেছে। গত বছরের নভেম্বরে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) সাধারণ সভায় উয়েফার কাছে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার অনুরোধ জানানোর পক্ষে ভোট হয়েছিল। পরে অবশ্য চলতি বছরের জুলাইয়ে এফএআইয়ের প্রতিনিধিরা নেশনস লিগের ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত অনুমোদন করেন।
এফএআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত ম্যাচ না খেললে আইরিশ ফুটবলের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। উয়েফার প্রতিযোগিতা থেকে সম্ভাব্য শাস্তি বা বাদ পড়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
এসএ/এসএন