দুঃসংবাদ পেল ভারত
ছবি: সংগৃহীত
০৯:২০ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
চার মাসের অপেক্ষার পর অবশেষে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। মাঠে ফেরার সেই পথও অনেকটাই তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু প্রত্যাবর্তনের ঠিক আগে আবারও চোটের ধাক্কা। নতুন করে ডান পায়ের শিনে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ভারতের হয়ে মাঠে নামা হচ্ছে না এই অলরাউন্ডারের।
হার্দিকের ফেরার পরিকল্পনায় অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজটি ছিল গুরুত্বপূর্ণ একটি ধাপ। আগামী ৬, ৯ ও ১১ অক্টোবর পুন্ডিচেরিতে হওয়ার কথা তিনটি ওয়ানডে। এই ম্যাচগুলোতে খেলার জন্য ভারত ‘এ’ দলে তাকে রাখা হয়েছিল ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে। কিন্তু নতুন চোট সেই পরিকল্পনাই আপাতত থামিয়ে দিয়েছে।
ভারতের হয়ে শেষবার হার্দিক খেলেছেন মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আইপিএলের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার। এর আগে পিঠের খিঁচুনি ও কোয়াড্রিসেপসের চোটও তার ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
ফিরে আসার প্রস্তুতিতে হার্দিক কাজ করছিলেন বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে। ধীরে ধীরে তার ফিটনেস উন্নতি হচ্ছিল। এমনকি অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজকে সামনে রেখে প্রত্যাবর্তনের পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু নতুন করে শিনে ব্যথা দেখা দেওয়ায় আবারও স্ক্যান করাতে হয়েছে তাকে।
প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের মেডিকেল দল তাকে আরও বিশ্রামের পরামর্শ দিয়েছে। আগামী ১০ থেকে ১৫ দিন শারীরিক কার্যক্রম এড়িয়ে চলতে হতে পারে তাকে। ফলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সময়ও আরও পিছিয়ে যাচ্ছে।
হার্দিকের চোটের এই নতুন ধাক্কা শুধু অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজেই প্রভাব ফেলছে না। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এরপর ওয়ানডে সিরিজও রয়েছে। ফলে জাতীয় দলে ফেরার আগে হার্দিককে ফিটনেসের আরও একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
ভারতের জন্যও হার্দিকের ফেরাটা গুরুত্বপূর্ণ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দলের সমন্বয় ঠিক করার কাজ চলছে। প্রধান কোচ গৌতম গম্ভীরও আগেই জানিয়েছিলেন, হার্দিক এখনো এক ম্যাচে ১০ ওভার বোলিং করার মতো অবস্থায় পৌঁছাননি। তাই তাকে তাড়াহুড়ো করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চায় না টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজে হার্দিকের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সুরিয়াংশ শেডগের নাম আলোচনায় এসেছে। তিনি বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে অনুশীলন করছেন।
এসএ/এসএন