১৪ বছর আগের সাক্ষাৎকার দেখে নিজেই অবাক বিরাট কোহলি!
ছবি: সংগৃহীত
০৬:১১ পিএম | ১০ এপ্রিল, ২০২৫
এখন পর্যন্ত আইপিএলে ১৮ বার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। তবে প্রথমবার এই পুরস্কার পাওয়ার পর তার দেওয়া সাক্ষাৎকার শুনে তিনি নিজেই অবাক হয়েছেন। সেই সময় তিনি যেসব মন্তব্য করেছিলেন, সেগুলি আজকের দিনে শুনলে বিশ্বাসই করা যায় না, এমনটাই জানিয়েছেন কোহলি।
২০১১ সালে প্রথম বার আইপিএলে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন কোহলি। দিল্লির বিপক্ষে সেই ম্যাচে ৩৮ বলে ৬২ করে দলকে জিতিয়েছিলেন। তার পর কোহলি বলেছিলেন, “সত্যি বলতে, এ ভাবে ব্যাটিংয়ের পরিকল্পনা করিনি। তবে বল ভাল ভাবে মারা শুরুর করার পর ক্রিসের (গেল) থেকে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই। ক্রিজে দাঁড়িয়ে সেটাই পরিকল্পনা করেছিলাম যাতে ক্রিস নিজের মতো শট খেলতে পারে এবং আমিও নিজের খেলাটা খেলতে পারি।”
সম্প্রতি জিয়োহটস্টারের ‘১৮ কলিং ১৮’ অনুষ্ঠানে এই সাক্ষাৎকার দেখানো হয় কোহলিকে। তিনি প্রথমে বলেন, “আমি নিজেই জানি না সে দিন কী বলেছিলাম। তোমরা কোথা থেকে এ সব আনো কে জানে!” সাক্ষাৎকারটি দেখার পর অবাক হয়ে যান কোহলি। বলেন, “ক্রিস যাতে নিজের মতো শট খেলতে পারে, এমন কথা আমি বলেছিলাম! আমার ভুলটা শুধু দেখো এক বার।”
কেন সেই কথা বিশ্বাস করতে পারছেন না, তার কারণও ব্যাখ্যা করেছেন কোহলি। বলেছেন, “আসলে সমাজমাধ্যম আসার পর থেকে সমর্থকেরা ক্রিকেটারদের প্রতিটা কথার বিশ্লেষণ করা শুরু করেছে। বেশির ভাগ ক্ষেত্রেই সেই কথা আমূল বদলে ফেলা হচ্ছে।”
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৬৪ রান করেছেন কোহলি। দু’টি অর্ধশতরানও রয়েছে। বৃহস্পতিবার খেলতে নামবেন সেই দিল্লির বিরুদ্ধেই।
আরএ/এসএন