© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোহানের সেঞ্চুরির স্বপ্ন ভাঙল ৩ রানে

শেয়ার করুন:
সোহানের সেঞ্চুরির স্বপ্ন ভাঙল ৩ রানে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ১০ এপ্রিল, ২০২৫
আজকের ঢাকা প্রিমিয়ার লিগের খেলা ছিল সেঞ্চুরি মিসের দিন। দিনের শুরুতে সৌম্য সরকার, নাসির হোসেন এবং এনামুল হক বিজয়রা তিন অঙ্কের জন্য হাতছাড়া করে দিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে কেউই হয়তো অনুভব করেননি নুরুল হাসান সোহানের মতো ক্ষতি। সোহান, যিনি মাত্র ৩ রানে সেঞ্চুরি মিস করেছেন, আজকের দিনে সবার থেকে বেশি হতাশ হয়েছেন।

তবে এ দুঃখটা শেষ পর্যন্ত থাকেনি তার। তার দল ধানমন্ডি স্পোর্টস ক্লাব রূপগঞ্জ টাইগারের বিপক্ষে জিতেছে ৫ উইকেটে।

দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স লড়াকু পুঁজিই পেয়েছিল। বড় অবদান ছিল নাসির হোসেনের। ৮৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গে ছিলেন আসাদুল্লাহ আল গালিব, তিনি করেন ৬৫ রান। শেষ দিকে আরিফুল হকের ২৮ বলে ৬ ছক্কায় ৪৮ রান, আর নুহায়েল সানদিদের ২৬ বলে ৩৪ রানের ইনিংসে ভর করে রূপগঞ্জ পেয়ে যায় ২৮০ রানের পুঁজি।

জবাবে ধানমন্ডি টপ অর্ডার থেকে বড় স্কোর না পেলেও তিন ব্যাটারের সবাই ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলে ভালো শুরু এনে দেন। ওপেনিং জুটিতে ৫৮ রান আসে, সেটাও মাত্র ৭.১ ওভারে। ৩০ বলে ৪০ রান করা আজমির আহমেদ ফেরেন এরপর। পাওয়ারপ্লে শেষের এক বল আগে ফেরেন অন্য ওপেনার হাবিবুর রহমানও। ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি ৪৭ রান করেন ৭৭ বল খেলে।

বড় ইনিংসের দাবিটা মেটান সোহান। তার ব্যাট থেকে আসে ৯৫ বলে ৯৭। ৯ চার আর ২ ছক্কায় তিনি সাজান তার ইনিংস। শুরুতে ফজলে মাহমুদের সঙ্গে, এরপর ইয়াসির আলীর সঙ্গে গড়েন জুটি, ধানমন্ডি তাতেই পৌঁছুতে থাকে জয়ের বন্দরের কাছাকাছি।

যেভাবে খেলছিলেন, সেঞ্চুরিটাকেও খুব সম্ভব মনে হচ্ছিল। তবে শেষমেশ তা হয়নি। সানদিদের শিকার হয়ে তিনি ফেরেন তিন অঙ্ক থেকে তিন রান দূরে থেকে।

এরপরও ধানমন্ডির জিততে খুব একটা বেগ পেতে হয়নি। ইয়াসির ৪০ বলে ৫৫ রানের এক ইনিংস খেলেন। ১৭ বল হাতে রেখে তাই ধানমন্ডি পেয়ে যায় ৫ উইকেটের জয়।

আরএ/এসএন

মন্তব্য করুন