মেসি নাকি রোনালদো, আসিফ মাহমুদের প্রিয় ফুটবলার কে?
ছবি : সংগৃহীত
০৭:১০ পিএম | ১২ এপ্রিল, ২০২৫
লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা দুই ফুটবলার। মাঠের খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বী। বছরের পর বছর রেকর্ড ভেঙেছেন, গড়েছেন। কখনও এগিয়ে থাকেন মেসি, আবারও কখনও রোনালদো। গত প্রায় দেড়যুগ ধরে চলছে এভাবেই। দুজনকে নিয়ে তর্কটা নতুন কিছু নয়। দুই কিংবদন্তির মধ্যে নিজের প্রিয় ফুটবলারের নাম জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত 'কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪'- প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে প্রশ্নোত্তর পর্বে তার কাছে জানতে চাওয়া হয় প্রিয় খেলা ও খেলোয়াড় সম্পর্কে। জবাবে আসিফ জানান, তার প্রিয় খেলা ফুটবল। প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি ক্রীড়াবিদ হওয়ার সুযোগ পেলে ফুটবলকেই বেছে নেওয়ার কথা জানান তিনি।
তারুণ্যের ডানায় ভর দিয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওশার স্বপ্ন দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা পরিচয় বাইরে রাখলে তিনিও খেলাধুলার ভক্ত।
ভালোবাসেন খেলা দেখতে। খেলার জন্য ছোটবেলায় পরিবারের আদুরে শাসনও পেয়েছেন। খেলার জন্য ছোটবেলায় মার খেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'বাসায় হোমওয়ার্ক না করে খেলতে যাওয়ার কারণে, আমার মনে হয় শতভাগ না হলেও ৯৫ ভাগ মানুষ মার খেয়েছেন।'
এমআর/এসএন