টানা দুই ম্যাচে করলেন জোড়া গোল করলেন রোনালদো
ছবি: সংগৃহীত
০৮:২৭ এএম | ১৩ এপ্রিল, ২০২৫
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই নিজের জাত চেনালেন ক্রিস্তিয়ানো রোনালদো। পিছিয়ে থাকা দলকে প্রথমে সমতায় ফেরালেন, এরপর দিলেন এগিয়ে যাওয়ার গোল। তার অসাধারণ পারফরম্যান্সে আল রিয়াদকে ২-১ গোলে হারিয়েছে আল নাস্র।
শনিবার সৌদি প্রো লিগের এই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো জোড়া গোল করলেন রোনালদো। আগের ম্যাচেও তার জোড়া গোলে আল হিলালের মাঠ থেকে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল আল নাস্র।
এই ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে পড়ে তারা। তবে বিরতির পরেই বদলে যায় চিত্র। ঘুরে দাঁড়াতে দেরি করেনি আল নাস্র, আর এই জাগরণের মূল কান্ডারি ছিলেন রোনালদো ও সাদিও মানে।
৫৬তম মিনিটে মানের পাস থেকে দারুণ এক ফিনিশে গোল করেন রোনালদো। এরপর ৬৪তম মিনিটে মানের কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে রিয়াদের এক ডিফেন্ডারের ভুলে বল চলে আসে রোনালদোর কাছে। এবার বুলেট গতির এক ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এই নিয়ে লিগে টানা চার ম্যাচে গোল করলেন ৪০ বছর বয়সী রোনালদো। সৌদি প্রো লিগে তার গোল সংখ্যা এখন ৭২। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৯৩৩, হাজার গোলের সোনালী মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে গেলেন তিনি।
২৭ রাউন্ড শেষে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে আল নাস্র। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। আর শীর্ষে থাকা আল ইত্তিহাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট।
এসএস/এসএন