জামায়াতে ইসলামী মুনাফেকের দল উল্লেখ করে কিশোরগঞ্জ -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত মহাপাপি। তারা সকালে একরকম, দুপুরে একরকম আর রাতে আরেকরকম কথা বলে। তাই এই মুনাফেকের দলকে ভোট দিবেন না।
রোববার (০১ ফেব্রুয়ারি) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এক জনসভায় তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, পার্লামেন্টে যদি সত্য কথা শুনতে চান, যদি জনগণের অধিকার নিয়ে নির্ভীকভাবে কথা বলার একজন প্রতিনিধি চান, তাহলে আমাকে ভোট দিন।
ফজলুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমস্যা, দুঃখ-কষ্ট ও ন্যায্য দাবি সংসদে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এই অবস্থার পরিবর্তনে সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব জরুরি।
তিনি বলেন, 'আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ক্ষমতার লোভে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।” নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।'
এ সময় অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
এমআই/এসএন