২০২২ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন আশিকুর জামান। পরবর্তীতে খেলেছেন বিপিএলের দুই আসরে। এরপরেই বাঁধে বিপত্তি, ইনজুরিতে গত দুই বছর ধরেই মাঠের বাইরে রয়েছেন এই তরুণ পেসার। প্রথমে স্পাইনে পাওয়া চোট থেকে সেরে উঠেছিলেন আশিক।
এরপর পান কনুইয়ের চোট। যে কারণে বছরখানেক ধরেই রয়েছেন মাঠের বাইরে। সবশেষ গত মাসে সেই চোটের চিকিৎসা করাতে বিসিবি কাতারে পাঠিয়েছিল তাকে। সেখানে রিপোর্ট অনুযায়ী ডাক্তারের পরামর্মে অপারেশন হয় চোটাক্রান্ত কনুইতে।
অপারেশন শেষে গত সপ্তাহের শেষ দিনে দেশে ফিরে এসেছেন আশিক। বিসিবি সূত্রে জানা গিয়েছে, সফল অস্ত্রোপচার হয়েছে তার। বর্তমানে শুরু হয়েছে পুনর্বাসন প্রক্রিয়াও। সবমিলিয়ে প্রথমে ৮ থেকে ১০ সপ্তাহ লাগবে সম্পূর্ণ ফিট হতে। সেক্ষেত্রে চলতি বছরের এপ্রিল থেকে মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে।
আরআই/টিকে