বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এম এ লতিফ খান বার্ধক্যজনিত কারণে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোক জানিয়ে তারেক রহমান বলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান ছিলেন একজন দেশপ্রেমিক ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি, আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রতি তার ছিল অবিচল আস্থা।
একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিও তিনি ছিলেন গভীরভাবে শ্রদ্ধাশীল ও আস্থাশীল।
তিনি আরো বলেন, পেশাগত জীবনে এম এ লতিফ খান একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে সকলের কাছে সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে দল ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।
শোকবার্তায় তারেক রহমান লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পিএ/টিএ