বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিকম্পে কাঁপল উত্তর ভারতের বিরাট অংশ। ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১টা বেজে ৯ মিনিটে প্রথম কম্পনটি হয়েছে সিকিমে ।
তার পর মাত্র ৬ মিনিটের ব্যবধানে ফের কেঁপে ওঠে সিকিমের রাজধানী গ্যাংটক সংলগ্ন এলাকা। তারপর থেকে সিকিমের একাধিক অঞ্চলের মাটি কেঁপে উঠেছে। সিকিমের পাশাপাশি কম্পন ছড়িয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। কেঁপেছে তিব্বত ও চীনের কিছু অংশও।
সিকিমে প্রথম কম্পনটির উৎসস্থল ছিলো গালসিং। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার কম্পন হয়েছে। তারপর কয়েকমিনিটের মধ্যে গ্যাংটক, মঙ্গন, নামচির মতো বেশ কয়েকটি জায়গা একাধিকবার কেঁপে উঠেছে। শুক্রবার ভোর পর্যন্ত ১২ বার আফটারশক হয়েছে সিকিমে। তবে প্রথমটির মতো তীব্রতা ছিল না কোনওবারই। সিকিম থেকে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমিলজি সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা ৩২ মিনিটে উত্তরপ্রদেশের গোন্ডায় ৩ দশমিক ৭ মাত্রার কম্পন হয়েছে। তার ১৬ মিনিটের মধ্যে উত্তরাখণ্ডের বাগেশ্বরেও ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৪।
একই সময়ে চিনের জিনজিয়াং এবং তিব্বতেও কম্পন লক্ষ্য করা গিয়েছে। তবে কোনও ক্ষেত্রেই কম্পনের তীব্রতা মারাত্মক ছিল না। উল্লেখ্য, মঙ্গলবার রাতে কেঁপে উঠেছিল কলকাতা। রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সঙ্গে সঙ্গেই পথে নেমে আসেন লোকজন। প্রায় ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছিল সেবার।
পরে জানা গিয়েছিলো, মিয়ানমারে রাজধানী সিতওয়ে ছিল ভূমিকম্পের এপিসেন্টার । ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিলো সেই কম্পনের উৎসস্থল।
ইউটি/টিএ