প্রথমার্ধে এলোমেলো টটেনহ্যাম হটস্পারের ভুলের সুযোগে দুই গোলে এগিয়ে জয়ের সুবাস পাচ্ছিল ম্যানচেস্টার সিটি। তবে, বিরতির পর ভাগ্যের ছোঁয়ায় এক গোল পেয়ে ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। পরে ডমিনিক সোলাঙ্কির দুর্দান্ত গোলে পয়েন্ট পেল তারা।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে হায়ান শেহকি ও অ্যান্টোয়ান সেমেনিওর গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় সিটি। পরে ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতায় শেষ করে স্বাগতিকরা।
প্রিমিয়ার লিগে টানা তিন ড্র ও একটি হারের পর গত সপ্তাহে উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় পেয়েছিল সিটি। সপ্তাহ ঘুরতেই ফের জয়ের পথ থেকে ছিটকে পড়ল তারা।
মূল্যবান দুটি পয়েন্ট হারানোয় শিরোপা লড়াইয়েও আবার পিছিয়ে পড়ল সিটি। ২৪ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। তাদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে আর্সেনাল।
দিনের আরেক ম্যাচে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে গেছে অ্যাস্টন ভিলা। সমান ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে থাকা টটেনহ্যাম প্রিমিয়ার লিগে মৌসুমের শুরু থেকেই ধুঁকছে। এই নিয়ে সবশেষ ছয় ম্যাচে জয়শূন্য (চারটি ড্র ও দুটি হার) দলটি ২৯ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে।
ম্যাচের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল সিটির। মাঝমাঠে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে তারা। আর্লিং হলান্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে, সময় নিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন শেহকি।
৪৪তম মিনিটে আবার নিজেদের ভুলে গোল হজম করে টটেনহ্যাম। এবার ডি-বক্সের বাইরে পজেশন হারায় তারা এবং বক্সে বের্নার্দো সিলভার পাস পেয়ে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সেমেনিও।
সিটির জার্সিতে গত সপ্তাহে প্রথমবার ঘরের মাঠে লিগ ম্যাচে খেলতে নেমে জালের দেখা পান সেমেনিও। এবার লিগে অ্যাওয়ে ম্যাচেও করলেন গোল।
৫৩তম মিনিটে মার্ক গেয়ির ওই আত্মঘাতী গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় টটেনহ্যাম। ডি-বক্সে দারুণভাবে একজনকে কাটান সোলাঙ্কি, ঠিক ওই মুহূর্তে ক্লিয়ার করতে পা বাড়ান গেয়ি এবং শট নিতে গিয়ে তার পায়ে মেরে বসেন সোলাঙ্কি; বল গেয়ির পায়ে লেগে চলে যায় জালে।
অসাধারণ নৈপুণ্যে ৭০তম মিনিটে সমতা টানেন সোলাঙ্কি। ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ান কনর গ্যালাঘার। কিছুটা এগিয়ে গিয়েছিলেন সোলাঙ্কি; তবে বলের ওপর থেকে চোখ সরাননি, পেছন থেকে পা বাড়িয়ে কার্যকর ছোঁয়ায় বল লক্ষ্যে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।
বাকি সময়ে ব্যবধান গড়ে দেওয়ার চেষ্টায় দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও, কাজের কাজ করতে পারেনি কেউ।
এমআর/টিএ