ফরিদপুরের মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সরকারি আইনউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ছাত্রদল নেতার নাম আবিদ হাসান মুন্না (২০)। তিনি সরকারি আইনউদ্দিন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় কবলে পড়ে নিহত হন।
গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় জয়নাল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব লুৎফর মোল্লার বাবা।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী মিল্কভিটা বনহকারী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-১২৩৪) দ্রুতগতিতে এসে তাকে চাপা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার এস আই সাজ্জাদ হোসেন বলেন আমরা দ্রুত ঘটনাস্থলে এসে ভ্যানটি জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবি/টিকে